বিসিবি সভাপতি হতে চান তামিম ইকবাল, রাখতে বললেন ভরসা

মাঠের ক্রিকেট থেকে বিদায় নেয়ার পরপরই তামিম নিজেকে গড়ছেন ক্রীড়া সংগঠক হিসেবে। তবে এতো অল্প সময়েই বিসিবি সভাপতি হওয়া— একটু বেশিই তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কিনা?- এমন প্রশ্নে তামিম দিয়েছেন পাল্টা যুক্তি। বলেন...

নয়া দিগন্ত অনলাইন
তামিম ইকবাল
তামিম ইকবাল |সংগৃহীত

সর্বশেষ বিসিবি নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তামিম ইকবালের। তবে শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

তবে অপূর্ণ সে ইচ্ছে এখনো রয়েছে তামিম ইকবালের। সম্প্রতি এক পডকাস্টে আবারো বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।

সম্প্রতি ‘সামিরস্কেন’ নামের একটি পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে বিসিবি সভাপতি হতে চান কি না? জবাবে তামিম নির্দ্বিধায় জানান, ‘যদি সুযোগ আসে, অবশ্যই।’

নিজেকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করেন বলেও জানান তিনি। বলেন, ‘আমি মনে করি, আমার সামর্থ্য আছে। ক্রিকেটিং সার্কেলে আমার কাজ সম্পর্কে অনেকেরই ধারণা আছে।’

তামিম খেলা ছেড়েছেন খুব বেশিদিন হয়নি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিলেও পরে অবসর ভেঙে ফিরে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তামিম।

পরে নানা জটিলতায় বিশ্বকাপে খেলা হয়নি। আর জাতীয় দলেও ফেরা হয়নি। কিছুদিন ঘরোয়া ক্রিকেটে খেললেও গত বছর হঠাৎ মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে মাঠকে একপ্রকার বলে দিয়েছেন বিদায়।

মাঠের ক্রিকেট থেকে বিদায় নেয়ার পরপরই তামিম নিজেকে গড়ছেন ক্রীড়া সংগঠক হিসেবে। তবে এতো অল্প সময়েই বিসিবি সভাপতি হওয়া— একটু বেশিই তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কিনা?

এমন প্রশ্নে তামিম দিয়েছেন পাল্টা যুক্তি। বলেন, ‘আমার সামর্থ্য আছে সংগঠক হিসেবে, ক্রিকেটিং সার্কেলে সবার (থেকে বেশি) আইডিয়া আছে। অভিজ্ঞতা, বয়স– এগুলো সবকিছুর উপরে, এখানে ইনটেনশন সবচেয়ে জরুরি ব্যাপার।’

উদাহরণ দিয়ে তামিম বলেন, ‘দেখছেন না সবচেয়ে অভিজ্ঞ লোকজনও বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে বিসিবিতে ছিল, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন তো করলেন বিশ্বাস অভিজ্ঞদের ওপর, একবার বিশ্বাস করেন আমার মতো অনভিজ্ঞদের ওপর।’