টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসা ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে জটিলতা কাটল শেষ পর্যন্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দু’দেশের ক্রিকেটারদের শেষ ‘ব্যাচ’ এতদিন ধরে আটকে ছিল ভারতে। এবার তারা ফিরে গেলেন যে যার দেশে।
শুক্রবার (১৩ মার্চ) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে নয়জন ক্যারিবিয়ান ক্রিকেটার ফিরে গিয়েছিলেন। কিন্তু তারপরও ১৬ জন ক্রিকেটারকে ভারতেই অপেক্ষা করতে হয়েছিল।
১ মার্চ থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং ৪ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা কলকাতায় আটকে ছিলেন। ৮ মার্চ বিশ্বকাপও শেষ হয়ে যাওয়ার পর এক সপ্তাহ কলকাতায় আটকে থাকার পর অবশেষে বাড়ি ফিরছেন তারা। এ কথা জানিয়েছে আইসিসি।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার বাকি ২৯ সদস্য এবং ক্যারিবিয়ান দলের শেষ ১৬ সদস্য বিমানে রওনা হয়েছেন। ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে আর কোনো ক্রিকেটার আটকে নেই। সকলে ফিরে গিয়েছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের সুরক্ষার দিকে নজর রাখা হয়েছে।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইসরাইল। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। তার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ। সেই কারণেই ভারতে আটকে পড়েছিলেন বিশ্বকাপ খেলতে আসা ক্রিকেটাররা।
ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা, দুই দলই নিজেদের শেষ ম্যাচ খেলেছিল ইডেন গার্ডেন্সে। ১ মার্চ সুপার এইটের শেষ ম্যাচে হেরে বিশ্বকাপ শেষ হয়ে যায় ক্যারিবীয়দের। গত ৪ মার্চ সেমির যুদ্ধে কলকাতায় মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে হেরে প্রোটিয়ারা বিশ্বকাপ থেকে ছিটকে যায়।



