কয়েক ঘণ্টার মধ্যে চারবার হাত বদল হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অরেঞ্জ ক্যাপের। শনিবার এমনই মজার ঘটনার সাক্ষী ক্রিকেটপ্রেমীরা। দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস ম্যাচের আগে অরেঞ্জ ক্যাপ ছিল বিরাট কোহলির মাথায়। দিনের শেষে মালিক অভিষেক শর্মা। মাঝে আরো দুই ক্রিকেটার অল্প সময়ের জন্য মাথায় পরেছেন এই ‘কমলা টুপি’।
শনিবার দুপুরে দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচে দেড় শ’ রান করেন কে এল রাহুল। এদিন একাধিক রেকর্ড গড়েন তিনি। রাতে সানরাইজার্সের বিরুদ্ধে সেঞ্চুরি করে বিস্ময় বাড়ালেন বৈভব সূর্যবংশী। কিন্তু তার পরও রাহুল-বৈভব দুজনেরই সঙ্গী হলো দুঃখ। কারণ রাহুল এবং সূর্যবংশী দুজনের দলই হেরেছে। দুপুরে ২৬৫ রান তুলেও হারে দিল্লি। আর রাতে রাজস্থান হারে ২২৮ রান তুলে।
তবে, মজার কথা হচ্ছে- এদিনের শুরুতে আইপিএলের সর্বোচ্চ রানের খেতাব অর্থাৎ কমলা টুপির মালিকানা ছিল বিরাট কোহলির হাতে। ৭ ম্যাচে ৩২৭ রান করেছেন তিনি। দুপুরে দেড় শ’ করে সেই রান টপকে যান কে এল রাহুল। ৭ ম্যাচে তিনি ৩৫৭ করেন।
পরে সেঞ্চুরি করে বৈভব সূর্যবংশী আবার রাহুলকে টপকে যান রাহুলকে। তিনিও অবশ্য ৩৫৭ রানই করেন। রাতের সেই ম্যাচেই হাফসেঞ্চুরি হাঁকিয়ে বৈভবকে পেছনে ফেলে দেন অভিষেক শর্মা। এখন কমলা টুপির মালিক তিনিই।
অভিষেকের সংগ্রহ ৩৮০ রান। দিনের শুরুতে রানের তালিকায় শীর্ষে থাকা কোহলি দিনের শেষে নেমে গেছেন পাঁচ নম্বরে। চার নম্বরে উঠে এসেছেন হেনরিখ ক্লাসেন।



