হার্দিক পান্ডিয়ার ঘড়ির দাম এশিয়া কাপের চ্যাম্পিয়ন প্রাইজমানির ৮ গুণ!

হার্দিকের রয়েছে ঘড়িপ্রেম। বিশ্বের দামী সব ঘড়ির সরবরাহ আছে তার। সম্প্রতি তার হাতে দেখা গিয়েছে রিচার্ড মিলের একটি বিশেষ সংস্করণের ঘড়ি-আরএম ২৭-০৪।

নয়া দিগন্ত অনলাইন
হার্দিক পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া |সংগৃহীত

চরম দারিদ্র্যতা আর অভাবের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া। কখনো অনাহারে, কখনো আধপেটা, ‘নুন আনতে পান্তা ফুরোয়’ অবস্থা ছিল। জানা যায়, তিন বছর ধরে শুধু ম্যাগি খেয়েই দিন কাটিয়েছেন তিনি!

তবে ক্রিকেট বদলে দিয়েছে হার্দিকের ভাগ্য। দিন বদলেছে তার। সুদিনের আভা বেশ ভালোই গায়ে মাখছেন তিনি। যেন দূর করছেন ছোট বেলার সব অপ্রাপ্তি, আক্ষেপ। হয়ে উঠেছেন বিলাসী।

হার্দিকের রয়েছে ঘড়িপ্রেম। বিশ্বের দামী সব ঘড়ির সরবরাহ আছে তার। সম্প্রতি তার হাতে দেখা গিয়েছে রিচার্ড মিলের একটি বিশেষ সংস্করণের ঘড়ি-আরএম ২৭-০৪। যার মূল্য শুনলে অবাক হতেই হবে।

সুইজারল্যান্ডের বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিচার্ড মিলের তৈরিকৃত এই মডেলের ঘড়ি গোটা পৃথিবীতেই আছে মাত্র ৫০টি। যার একটির দাম প্রায় ২০ কোটি রুপি, টাকার হিসাবে ২৬ কোটি ৪০ লাখ!

অবাক করা বিষয় হলো, হার্দিকের এই ঘড়ির মূল্য আজ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের মোট প্রাইজমানি থেকেও বেশি! আর এশিয়া কাপে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানির আট গুণ!

আরব আমিরাতে এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে আজ। আটটি দল লড়বে একটি ট্রফির জন্য। টাকার হিসাবে যে ট্রফিটি জিতে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে তিন কোটি ৬৪ লাখ টাকা। রানার্সআপ দল পাবে প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।