সন্তানদের জন্য নিরাপদ পৃথিবী চান ক্রিকেটাররা

আজ সকালে খবরটা শুনে স্তব্ধ হয়ে গেছি। ছোট্ট রামিসার নিরাপত্তা, ভালোবাসা আর আশ্রয় পাওয়ার কথা ছিল, এমন ভয়ানক নিষ্ঠুরতা নয়। এই নিষ্পাপ শিশুটির জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।

নয়া দিগন্ত অনলাইন
ইন্টারনেট

দেশজুড়ে হঠাৎ বেড়ে গেছে শিশু ও নারী নিপীড়ন। ঘটছে একের পর এক ভয়াবহ ঘটনা। বিশেষ করে সম্প্রতি পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনা অন্য সবার মতো বিবেককে নাড়া দিয়েছে ক্রিকেটারদেরও।

সেই ঘটনায় অভিযুক্তদের বিচার চেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের অবস্থান পরিস্কার এবং বর্বর ঘটনার প্রতিবাদ করেছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্তরা।

বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ও ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছেন। মুখ খুলেছেন নারী দলের অধিনায়কও।

পল্লবতীতে সাত বছরের সেই শিশু রামিসার একটি স্কেচ ছবি পোস্ট করে ক্যাপশনে টেস্ট অধিনায়ক শান্ত লিখেন, ‘আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে; ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর দোষীদের এমন শাস্তি হোক, যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে।’

নৃশংস ও বর্বর এই ঘটনার বিচার চেয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী মিরাজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শিশু রামিসার ছবি যুক্ত করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিরপুরের পল্লবীতে নির্মমতার শিকার শিশু রামিসা ও এই ধরণের অন্যান্য সব ঘটনায় দোষীদের দ্রুত সময়ের মাঝে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

‘ধর্ষণ, নিপীড়ন ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের সবাইকে আরো সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, সম্মান ও মানবিক পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।’

‘রামিসার মতো আর কোনো শিশুকে যেন এমন নির্মমতার শিকার হতে না হয়, সেই দায়িত্ব আমাদের সবার,’ যোগ করেন মিরাজ।

জাতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও আতঙ্কিত এই ঘটনায়। তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি গ্রাফিক্স ছবি পোস্ট করে এবং পোস্টে লেখেন, ‘আজ সকালে খবরটা শুনে স্তব্ধ হয়ে গেছি। ছোট্ট রামিসার নিরাপত্তা, ভালোবাসা আর আশ্রয় পাওয়ার কথা ছিল, এমন ভয়ানক নিষ্ঠুরতা নয়। এই নিষ্পাপ শিশুটির জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। কোনো পরিবারকে যেন এমন কষ্ট সইতে না হয়। শিশুদের ওপর অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।’

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে তাতে লিখেছেন, ‘কন্যাসন্তানের বাবা হিসেবে খবরটি শোনা অত্যন্ত উদ্বেগজনক এবং মর্মন্তুদ। কোনো সমাজে এমন ঘটনা মেনে নেয়া যায় না।’

‘আমাদের সন্তানদের নিরাপদ পৃথিবী প্রাপ্য, যেখানে তারা কোনো ভয় ছাড়াই বড় হতে পারবে। যেকোনো অন্যায়ের সঠিক বিচার হওয়া প্রয়োজন ক্ষেত্রে সেই বিচার হতে হবে অবিলম্বে। আমরা যখন রামিসার জন্য সমস্বরে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি, তখন আসুন স্পষ্টভাবে উচ্চকণ্ঠে বলি, এই ধরনের অপরাধে কঠোরতম শাস্তিই প্রাপ্য। আমরা আর কখনোই এমন কোনো ট্র্যাজেডির পুনরাবৃত্তি দেখতে চাই না।’

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক ক্রিকেটার তামিম ইকবালও এ ঘটনার বিচার চেয়েছেন। তামিমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সম্পর্কিত একটি গ্রাফিকস ছবি পোস্ট করেছেন।

এদিকে জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিখেন-

ফুল ফুটবে না,

ফুল ফুটবে না,

ফুল আর ফুটবে না,

ফুল আর কখনো

ফুটবে না...

রামিসা হত্যার বিচার চাই!