অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অজিদের বিপক্ষে দলে চমক চার বছর পর মোসাদ্দেক হোসেন সৈকতের ফেরা।
আগামী ৯ জুন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন, আর তৃতীয় ও শেষ ম্যাচ ১৪ জুন। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।
সবশেষ গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই ব্যাটার আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ চার বছর পর ওয়ানডে দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের আগস্টে। এ ছাড়া নিউজিল্যান্ড সিরিজ মিস করার পর ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানও।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৪৯ বলে ২৭ রান করেছিলেন আফিফ। বাংলাদেশের হেরে যাওয়া ওই ম্যাচে বাঁহাতি এই ব্যাটার পরের দুই ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে আবার জাতীয় দলে ফিরলেন মোসাদ্দেক। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে করেছেন একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি।
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।



