ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দিলো না ইংল্যান্ড। একের পর এক রেকর্ড গড়ে রীতিমতো উড়িয়ে দিয়েছে ক্যারিবীয়দের। হারিয়েছে ২৩৮ রানের বড় ব্যবধানে। যা রানের হিসেবে ইংল্যান্ডের দ্বিতীয় বড় জয়।
বৃহস্পতিবার (২৯ মে) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বার্মিংহামের এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেয় ইংল্যান্ড। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ৪০০ রান তুলে স্বাগতিকরা।
তাতে বেশ কয়েকটি দারুণ রেকর্ড গড়ে ইংল্যান্ড। প্রথমত এজবাস্টনের এই মাঠে এটাই দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রানের পুঁজি। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ৪০৮ রান করেছিল ইংল্যান্ড। একইসাথে কোনো ব্যাটসম্যানের শতক ছাড়া যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ দলগত স্কোর।
এর আগে, ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে ৩৯২ রান করে শতকবিহীন সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। থ্রি সায়ন্সরা এবার ছাপিয়ে গেল সেই কীর্তিও।
গড়া হয়েছে আরো একটা বিশ্বরেকর্ড। একই ইনিংসে ইংল্যান্ডের শীর্ষ সাত ব্যাটসম্যানই ৩০ বা তার বেশি রান করেন, যা ওডিআই ইতিহাসে প্রথম। যেখানে আছে চারটি ফিফটি।
জ্যাকব বেথেল খেলেন সর্বোচ্চ ৫৩ বলে ৮২ রানের ইনিংস। এছাড়া বেন ডাকেট ৪৮ বলে ৬০, জো রুট ৬৫ বলে ৫৭ ও অধিনায়ক হ্যারি ব্রুক ৪৫ বলে করেন ৫৮ রান। জেডেন সিলস ৮৪ রানে নেন ৪ উইকেট।
রান তাড়ায় নেমে ২৬.২ ওভারে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ১১ নম্বরে নামা জেডেন সিলস।
শাই হোপ ২৫, ক্যাসি কার্থি ২২ ছাড়া আর কেউ পারেননি ২০ রানের গণ্ডি পেরোতে। সাকিব মাহমুদ ও জেমি ওভারটন নেন তিনটি করে উইকেট। ২ উইকেট নেন আদিল রাশিদ।
এদিকে হ্যারি ব্রুক একাই ধরেছেন পাঁচটি ক্যাচ। ওয়ানডেতে জন্টি রোডসের সমান এক ইনিংসে যা সর্বোচ্চ ক্যাচের রেকর্ড (উইকেট কিপার বাদে)।



