সুপার এইটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে শনিবার নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। জয়ের নায়ক মার্কো জানসেন, ৪০ রানে ৪ উইকেট নিয়েছেন এই পেসার।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

সুপার এইটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা। টানা তিন জয়ে শেষ আটে এক পা দিয়ে রেখেছে তারা৷ অন্যদিকে আসরে প্রথম হারের স্বাদ পেল নিউজিল্যান্ড।

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে শনিবার নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। জয়ের নায়ক মার্কো জানসেন, ৪০ রানে ৪ উইকেট নিয়েছেন এই পেসার।

আহমেদাবাদে টসে হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে ১৭.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। ৪৪ বলে ৮৬* রানের ইনিংস খেলেন এইডেন মার্করাম।

রান তাড়ায় মাত্র তিন ওভারেই পঞ্চাশ স্পর্শ করে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ইতিহাসে কোনো দলের দ্বিতীয় দ্রুততম ফিফটি এটি। যেখানে ৪১ রানই আসে মার্করামের ব্যাট থেকে।

৪.৪ ওভারে দলীয় ৬২ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১৪ বলে ২০ করা ডি কককে বোল্ড করেন লকি ফার্গুসন। তবে ঝড় থামেনি মার্করামের। ১৯ বলে সমান ৬ চার ও চার ছয়ে করেন ফিফটি।

এদিকে ৭.২ ওভারেই ১০০ রান করে প্রোটিয়ারা। ১১ বলে ২১ করা রিকেলটন জেমস নিশামের শিকার হলে ভাঙে ১৮ বলে ৪০ রানের জুটি। এরপর ২১ রান করে আউট হন ডেওয়াল্ড ব্রেভিস।

তবে এরপর ডেভিড মিলারকে নিয়ে জয়ের জন্য হেসেখেলেই বাকি কাজটুকু সারেন মার্করাম। মিলার করেন ১৭ বলে ২৪ রান। শেষ বলে ফার্গুসনকে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিনি।

এর আগে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের গতি ধরে রাখে কিউইরা। প্রথম তিন ব্যাটারকেই ফেরান ইয়ানসেন।

টিম সাইফোর্ট (১৩) ফিন অ্যালেন (৩১) ও রাচিন রবিন্দ্র ১৩ করে আউট হন।

পাওয়ার প্লে শেষে কিউইদের স্কোর দাঁড়ায় ৫৮/৩। সপ্তম ওভারে গ্লে ফিলিপসের (১) উইকেটও হারায় নিউজিল্যান্ড। এরপরই মার্ক চ্যাপম্যান ও ডেরি মিচেলের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা।

পঞ্চম উইকেটে ৪৪ বলে ৭৪ রান যোগ করেন মিচেল-চ্যাপম্যান। এই জুটি ভাঙেন ইয়ানসেন, ২৬ বলে ৪৮ করে আউট হন চ্যাপম্যান। এরপর অবশ্য রানের গতি কমে যায় নিউজিল্যান্ডের।

শেষ ৬ ওভারে মাত্র ৩৮ রান করে তারা। ২৪ বলে ৩২ করেন ডেরিয়েল মিচেল। এছাড়া আটে নামা জেমস নিশামের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৩। তাতে ৭ উইকেটে ১৭৫ রান তুলে কিউইরা।