শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ভেঙে দিচ্ছে সরকার

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে শাম্মি ডি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে দায়িত্ব ছাড়তে বলেছে সরকার। নতুন অন্তর্বর্তী কমিটি গঠনের মাধ্যমে প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

শেষ হতে চলেছে লঙ্কান ক্রিকেটে শাম্মি ডি সিলভা অধ্যায়। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে চলতি সপ্তাহের মাঝেই তার কমিটিকে দায়িত্ব ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

বুধবার বার্তাসংস্থা এএফপিকে বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন প্রশাসনের হাতে দায়িত্ব তুলে দিতে বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেট দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও দীর্ঘদিন ধরেই এর শীর্ষ পর্যায়ে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে। যা নিয়ে আছে তীব্র অসন্তোষ।

বর্তমানে বোর্ডটির নেতৃত্বে আছেন চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করা শাম্মি সিলভা। তার নেতৃত্বাধীন বোর্ডটির বিরুদ্ধে অনেক দিন ধরেই নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানান, খুব শিগগিরই একজন সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকারের নেতৃত্বে একটি অন্তর্বর্তী প্রশাসন লঙ্কান ক্রিকেটের দায়িত্ব নিতে পারে।

নতুন এই কমিটি বোর্ডের কার্যক্রম পুনর্গঠন ও আস্থার সঙ্কট কাটানোর চেষ্টা করবে। এরপর তাদের অধীনেই হতে পারে পরবর্তী পরিচালনা পর্ষদ নির্বাচন।

শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে সরকারি হস্তক্ষেপ অবশ্য নতুন কিছু নয়। রাজনৈতিক প্রভাবের অভিযোগে ২০২৩ সালের নভেম্বরে আইসিসি শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল।

পরে দীর্ঘ আলোচনার পর ২০২৪ সালের জানুয়ারিতে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। তবে এবার হয়তো আর রক্ষা হবে না শাম্মি সিলভার।