পাকিস্তান ক্রিকেটে চলমান অস্থিরতার মধ্যেই নতুন করে তদন্তের মুখে পড়েছেন জাতীয় দলের তিন ক্রিকেটার। মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন অ্যাজেন্সি (এনসিসিআইএ) ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ানসহ তিন ক্রিকেটারকে তলব করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।
সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে ইমাম ও রিজওয়ানের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নেয়। পরে ফোন দুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এরপর তদন্তের অংশ হিসেবে এনসিসিআইএ দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায়।
তবে ঠিক কী কারণে পিসিবি ক্রিকেটারদের মোবাইল ফোন জব্দ বা নিজেদের হেফাজতে নিয়েছিল, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি বোর্ড। তৃতীয় ক্রিকেটারের নামও সূত্রের প্রতিবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি।
এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর দলেও বড় ধরনের পরিবর্তন এনেছে পিসিবি। প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর লর্ডসে পরাজয়ের পর জরুরি পদক্ষেপ নেয় বোর্ড। দল থেকে সাত ক্রিকেটার ও দুই কোচকে সরিয়ে দেয়া হয়।
বাদপড়া সাত ক্রিকেটার হলেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।
এছাড়া প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাদের জায়গায় সাদা বলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকেকে দায়িত্ব দেয়া হয়েছে।



