ওপেনিংয়েই বাজিমাত সোহানের, এলপিএল অভিষেকে খেললেন ঝড়ো ইনিংস

এলপিএল অভিষেকে ওপেনিংয়ে নেমে ১৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেই বাজিমাত করেন সোহান।

নয়া দিগন্ত অনলাইন
নুরুল হাসান সোহান
নুরুল হাসান সোহান |সংগৃহীত

দেশের ক্রিকেটে মিডলঅর্ডার ও লোয়ার-মিডলঅর্ডারের ব্যাটার হিসেবেই বেশি পরিচিত নুরুল হাসান সোহান। কিন্তু লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) তার জন্য অপেক্ষা করছিল ভিন্ন এক চ্যালেঞ্জ। খেলতে নামেন ওপেনিংয়ে।

প্রথমবারের মতো বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গেছেন, সেখানেও কিনা খেলতে হচ্ছে ওপেনিংয়ে! চ্যালেঞ্জটা একটু বেশিই ছিল সোহানের। সেই চ্যালেঞ্জ অবশ্য উৎড়ে গেছেন তিনি, সুযোগ পেয়ে খেলেন চোখধাঁধানো এক ইনিংস।

রোববার ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে গল গ্যালান্টসের হয়ে মাত্র ১৩ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ২৯ রান করেন সোহান। ইনিংসটি বড় করতে না পারলেও তার আক্রমণাত্মক ব্যাটিং গলের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

গল গ্যালান্টসে মূলত খেলার কথা ছিল লিটন দাসের। তবে চোটের কারণে তিনি ছিটকে গেলে বদলি হিসেবে দলে ডাক পান সোহান। আগের ম্যাচে ব্যর্থ হওয়া মেহেদী মিরাজকে সরিয়ে এদিন আস্থা রাখা হয় সোহানের ওপর।

সেই আস্থার প্রতিদান দিতে সময় নেননি তিনি। প্রথম ওভারে ১ রান নেয়ার পর দ্বিতীয় ওভারেই আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইবকে তুলোধোনা করেন। এক ওভারে হাঁকান ৪টি চার, আসে ১৭ রান।

এরপর দুশমান্থা চামিরার এক ওভারে প্রথমে স্লগ সুইপে ছক্কা, পরের বলেই চার হাঁকিয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠেন সোহান। তবে পরের ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে মিড-অনে ক্যাচ তুলে দিয়ে থামতে হয় তাকে।

সোহানের ঝড়ো সূচনার পর গলের ইনিংস এগিয়ে নেন স্যাম হারপার (৪১), চারিথ আসালাঙ্কা (৩১), শাহান আর্চছিগে (২৮) এবং শেষদিকে চামিকা করুনারত্নের অপরাজিত ৭২ রানের বিস্ফোরক ইনিংস।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় গল গ্যালান্টস। যা তাড়া করতে নেমে ডাম্বুলা সিক্সার্স ৭ উইকেটে ১৭৬ রানেই থেমে যায়। ৪৪ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে গল গ্যালান্টস।

অভিষেক ম্যাচে ইনিংস বড় না হলেও ওপেনিংয়ে নেমে নিজের আগ্রাসী ব্যাটিংয়ে দারুণ বার্তা দিয়েছেন নুরুল হাসান সোহান। বিদেশের মাটিতে নতুন অধ্যায়ের শুরুটা তাই তার জন্য স্মরণীয়ই হয়ে রইল।