ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের হার

স্কটল্যান্ড ও নেদারল্যান্ডকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পরের ম্যাচ রোববার। একই মাঠেই নেদারল্যান্ডসের মুখোমুখি হবে জ্যোতিরা।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ নারী দল
বাংলাদেশ নারী দল |ফাইল ছবি

অধিনায়ক নিগার সুলতানার সাথে লোয়ার মিডল অর্ডারের সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের ব্যাটে লড়াইয়ের কিছুটা পুঁজি পায় বাংলাদেশ। তবে বল হাতে প্রতিপক্ষের কাছে খড়-কুটোর মতো উড়ে যেতে হয়েছে। নিগার সুলতানা জ্যোতির দলকে ছাতুপেটা করে বড় জয় তুলে নিল স্কটল্যান্ড। আর ত্রিদেশীয় সিরিজের শুরুটা বড় হারে হলো বাংলাদেশের।

শনিবার এডিনবার্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ১৩৩ রান করে বাংলাদেশ। জবাবে ৮ উইকেট আর ২৪ বল বাকি রেখে হেসেখেলে জয় নিশ্চিত করেছে স্বাগতিক স্কটল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন ৪ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নেয়া স্কটল্যান্ডের ডানহাতি পেসার গ্যাব্রিয়েলা ফন্টেলা।

এডিনবার্গের গ্র্যান্ড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে শনিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শম্বুক গতিতে ব্যাটিং করে পাওয়ার প্লের ৬ ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ২৬ রান তোলে তারা। জুয়াইরিয়া ফেরদৌস ১৩ বলে ১২ করে আউট হন। আরেক ওপেনার দিলারা আক্তার সাজঘরে ফেরেন ১৬ বলে ১১ করে।

৯ ওভারের শেষ বলে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে সংগ্রহ যখন ৪৬, রান আউট হয়ে ফেরেন শারমিন আক্তার। এরপর ধীরগতির ব্যাটিংয়ে জুটি দুটি গড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে মোস্তারিকে নিয়ে অধিনায়ক জ্যোতি যোগ করেন ৩৫ বলে ৪২ রান। আর পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তারের সাথে জ্যোতির জুটি থেকে আসে ২৩ বলে ৩৩। ২২ বলে ২২ করে বোল্ড হয়ে ফেরেন মোস্তারি। আর ১৫ বলে ১২ করেন স্বর্ণা। ৫ চার ও ১ ছয়ে ৩৯ বলে ৪৬ করে অপরাজিত ছিলেন জ্যোতি।

সাদামাটা ব্যাটিংয়ে অল্প সংগ্রহ পাওয়া বাংলাদেশের প্রয়োজন ছিল বল হাতে দারুণ কিছু। তবে মারুফা আক্তার-রিতু মণিরা তেমন কিছুই করতে পারেননি। ৪.৩ ওভারে প্রথম উইকেট পায় বাংলাদেশ। রিতু মণির বলে মারুফার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৭ বলে ২৩ করা ডার্সি কার্টার। এরপর বাংলাদেশের বোলারদের হতাশ করে দ্বিতীয় উইকেটে ক্যাথেরাইন ফ্রেসার ও ক্যাথেরিন ব্রিস দারুণ ব্যাটিংয়ে রান তাড়াকে সহজ বানিয়ে ফেলেন। ৩৯ বলে ৪৭ রান আসে এই জুটি থেকে। ২৮ বলে ৩০ করা ফ্রেসারকে আউট করে জুটি ভাঙেন স্বর্ণা আক্তার।

এরপর স্কটল্যান্ডের অধিনায়কের দুর্দান্ত ফিফটির বিপরীতে কোনো জবাবই খুঁজে পায়নি বাংলাদেশ। স্কটিশ অধিনায়ক ব্রিস ৪ চার ও ৩ ছয়ে ৩২ বলে ৫৪ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন। ১৫ বলে ২৩* করেন সারাহ ব্রিস।

স্কটল্যান্ড ও নেদারল্যান্ডকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পরের ম্যাচ রোববার। একই মাঠেই নেদারল্যান্ডসের মুখোমুখি হবে জ্যোতিরা।