শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, আছে নতুন মুখ

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় সাড়ে ছয় বছর পর জাতীয় দলে ফিরেন শারমিন। এবার তার সামনে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের হাতছানি।

নয়া দিগন্ত অনলাইন
শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি নারী দল ঘোষণা করা হয়েছে
শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি নারী দল ঘোষণা করা হয়েছে |ফাইল ছবি

প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন শারমিন সুলতানা। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়ে যেতে পারে তার।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে নতুন মুখ শারমিন সুলতানা।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় সাড়ে ছয় বছর পর জাতীয় দলে ফিরেন শারমিন। এবার তার সামনে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের হাতছানি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ৩০ এপ্রিল ও ২ মে।

গত জানুয়ারিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের পর এটিই হবে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। ওই টুর্নামেন্টের দলে পরিবর্তন এসেছে কেবল একটিই।

শারমিন সুলতানাকে জায়গা দিতে বাদ পড়েছেন ফারজানা হক। তবে তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। এছাড়া শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহার আছেন স্ট্যান্ডবাইয়ে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ডবাই : ফারজানা হক, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন, তাজ নেহার।