রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। জানা গেছে, সেখানে তিনি চোখের গুরুতর সমস্যায় ভুগছেন, এমনকি রয়েছে দৃষ্টিহানির শঙ্কাও।
এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছে ইমরান খানের এক সময়ের সতীর্থ ও পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। বিশ্বকাপজয়ী অধিনায়কের সু-চিকিৎসার দাবি জানিয়েছেন ওয়াসিম-আফ্রিদিরা।
মূলত ইমরান খান রক্ত জমাট বাঁধা-সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। যার চিকিৎসা শুরু হতেই ইমরানের দৃষ্টিশক্তি দ্রুত হ্রাস পেতে থাকে। বর্তমানে তার চোখের মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট রয়েছে বলে জানা গেছে।
সতীর্থের এমন অবস্থা মানতে পারছেন না ওয়াসিম আকরাম। কিংবদন্তি এই পেসার তার এক্স টাইমলাইনে এই নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। যেখানে তিনি যথাযথ চিকিৎসা দেয়ার দাবি জানিয়ে লেখেন, ‘আমাদের অধিনায়ক ইমরান খানের অসুস্থতার খবর শুনে হৃদয় ভেঙে যাচ্ছে। আমি আন্তরিকভাবে আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে নেবে ও তাকে সর্বোচ্চ চিকিৎসা দেবে। তার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।’
পাকিস্তানের আরেক কিংবদন্তি ওয়াকার ইউনুসও একই সুরে মন্তব্য করেন। তিনি লিখেছেন, ‘রাজনীতি পাশে রেখে বলছি, আমাদের জাতীয় নায়ক- যিনি খেলাধুলার ময়দানে আমাদের সর্বোচ্চ গৌরব এনে দিয়েছেন ও একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, যা অসংখ্য মানুষকে সাহায্য করেছে, আমার নিজের মাকেও। তিনি নিজেই এখন স্বাস্থ্য সঙ্কটে আছেন এবং তার জরুরি চিকিৎসা প্রয়োজন। আমি বিনীতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, যেন তাকে দ্রুত ও যথাযথ চিকিৎসা দেয়া হয়। দ্রুত সুস্থ হয়ে উঠুন স্কিপার।’
স্পিডস্টার শোয়েব আখতার শনিবার এই প্রসঙ্গে জানান, ‘তার (ইমরানের) একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর খবর শুনে আমি গভীরভাবে দুঃখিত। আশা করি তিনি সর্বোত্তম চিকিৎসা পাবেন ও দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শহিদ আফ্রিদি ইমরান খানকে চিকিৎসা দেয়ার দাবি জানিয়েছে বলেন, ‘চিকিৎসা পাওয়া একটি মৌলিক অধিকার ও তা নিশ্চিত করা উচিত।’
এছাড়া পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি সভাপতি রমিজ রাজা এই প্রসঙ্গে লেখেন, ‘আশা করি মানবতা জয়ী হবে। ইমরান খানকে কষ্ট পেতে ও চোখের দৃষ্টি হারাতে দেখা মর্মান্তিক।’
মোহাম্মদ হাফিজও ইমরানের দ্রুত আরোগ্য কামনা করে এবং যথাযথ চিকিৎসা দেয়ার আহ্বান জানিয়েছেন।
ইমরানের সুচিকিৎসার দাবি উঠেছে ক্রিকেট ও ক্রীড়া-সম্পর্কিত সকল মহল থেকেই। এছাড়া রাজনৈতিকভাবে তার দল পিটিআই ও অন্যান্য বিরোধী দলগুলো ইমরানের চিকিৎসার জন্য লাগাতার চাপ দিয়ে চলেছেন। যার জেরে ইতোমধ্যে ইমরানকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।



