নাহিদ রানার ইতিহাস, ৫ উইকেট নিয়ে গড়েছেন দারুণ কীর্তি

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন নাহিদ রানা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে চতুর্থ ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মিরপুর টেস্টে বৈশাখের ঝড়ো বৃষ্টির দেখা মেলেছে বটে- তবে তার প্রভাব এতটা দেখা মেলেনি খেলায়; যতটা না প্রভাব দেখা গেল নাহিদ রানার গতিঝড়ে। মিরপুরে মঙ্গলবার বিস্ময় হয়ে দেখা দিয়েছিলেন নাহিদ রানা।

মিরপুর টেস্টে গতকাল পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে বড় ভূমিকা ছিল নাহিদ রানার। বল হাতে চতুর্থ ইনিংসে মাত্র ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। তাতেই গড়েন বেশ কয়েকটি রেকর্ড।

টেস্টে এক ইনিংসে ৫ উইকেট; বড় অর্জন বটে, তবে ক্রিকেটে নতুন কিছু নয়। তবে নাহিদ রানার এই ৫ উইকেট একদিক থেকে নতুনই বটে। চতুর্থ ইনিংসে দেশের আর কোনো পেসার গড়তে পারেনি এই কীর্তি।

অবিশ্বাস্য হলেও সত্যি, টেস্ট ক্রিকেটে ২৬ বছরের পথচলায় প্রথমবার চতুর্থ ইনিংসে ৫ উইকেট নিতে পারলেন বাংলাদেশের কোনো পেসার। ১৫৭তম ম্যাচে এসে এমন স্মরণীয় রেকর্ড উপহার দিলেন নাহিদ রানা।

চতুর্থ ইনিংসে বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা বোলিং ছিল এতদিন তাসকিন আহমেদের। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরেই ৪ উইকেট নিয়েছিলেন তিনি ৩৭ রানে।

বাংলাদেশ পুরো ম্যাচই খেলেছে একজন পেসার নিয়ে, এই স্মৃতি দূরের নয় খুব। বছর দুয়েক আগেও দেখা গেছে এমন দৃশ্য। আর দেশের মাটিতে পেসাররা ৫ উইকেট পাবেন, যেন স্বপ্নের মতো গিয়েছিল বিষয়টা।

সেই আক্ষেপও দূর করলেন নাহিদ রানা। নাহিদের হাত ধরেই হলো দীর্ঘ এক অপেক্ষার অবসান। ১৬ বছরের বেশি সময় পর দেশের মাঠে ৫ উইকেট নিতে পারলেন কোনো পেসার!

সবশেষ ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে চট্টগ্রামে ৭১ রানে ৫ উইকেট নিয়ছিলেন শাহাদাত হোসেন। এমনকি ঘরের মাঠে ৫ উইকেট শিকারি একমাত্র পেসার ছিলেন তিনিই। মোট তিনবার ৫ উইকেট নিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে ওই ইনিংস ছাড়াও ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ৬ উইকেট নিয়েছিলেন তিনি ২৭ রানে, ২০০৬ সাল বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ৮৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন শাহাদাত।

সব মিলিয়ে নিত্যনতুন রেকর্ড গড়তে থাকা নাহিদ রানা সোনালী রঙে নিজের নামটা খোদাই করে নিয়েছেন ক্রিকেটে ইতিহাসে।