সব অনিশ্চয়তা দূর করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান দল। রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ‘মেন ইন গ্রিন’।
বিমানবন্দরে নেমে সেখানেই সাহরি সম্পন্ন করেন মোহাম্মদ রিজওয়ান-শাহিন আফ্রিদিরা। এরপর বিমানবন্দর ত্যাগ করে সরাসরি টিম হোটেলে চলে যান তারা।
জানা গেছে, আজ বিশ্রামেই থাকবে পাকিস্তান দল। বিশ্রাম শেষে কাল থেকে অনুশীলন শুরু করবে ম্যান ইন গ্রিনরা। এরপর ১১, ১৩ ও ১৫ মার্চ তিন ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসে দুই দফায়। এর আগে শনিবার (৭ মার্চ) ঢাকায় পা রাখেন কোচ মাইক হেসনসহ কোচিং স্টাফের পাঁচ সদস্য। আর বাকিরা আসেন আজ ভোরে।
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ তারিখ বাংলাদেশে আসার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কটের কারণে একদিন আগেই ঢাকায় পৌঁছেছে শাহিন আফ্রিদির দল।
পাকিস্তান স্কোয়াড
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামিল হুসাইন।


