আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন এই সিরিজ সামনে রেখে সূচি ও ভেন্যু ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানিয়েছে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে কিউইরা।
ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২০ এপ্রিল হবে দ্বিতীয় ম্যাচটিও।
এরপর ২১ এপ্রিল ঢাকায় থেকে চট্টগ্রামে যাবে দুই দল। ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ ওয়ানডে। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে টি-টোয়েন্টি পর্ব। প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। ২৯ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
এই দুটি টি-টোয়েন্টি ম্যাচই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। তবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি হবে ঢাকায়।
৩০ এপ্রিল চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে দুই দল। ২ মে মিরপুরে দুপুর ২টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।



