বাংলাদেশ জাতীয় দলের জন্য নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (১ মার্চ) দু’টি শূন্য পদের জন্য আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিসিবি।
বিজ্ঞপ্তিতে নির্বাচক হওয়ার জন্য কিছু বিশেষ শর্ত আরোপ করেছে বিসিবি। সেসব শর্ত মেনে আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।
শর্তগুলোর মধ্যে আবশ্যকীয় হলো— প্রার্থীকে অবশ্যই জাতীয় দলের সাবেক ক্রিকেটার হতে হবে। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ম্যাচ মিলিয়ে অন্তত ১০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও সঠিক খেলোয়াড় বাছাইয়ের বিচারিক ক্ষমতা, ক্রিকেটীয় প্রজ্ঞা ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। নির্বাচিত হলে প্রাথমিকভবে দুই বছরের জন্য নিয়োগ পাবেন।
এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। তার চুক্তির মেয়াদ এ মাসেই শেষ হওয়ার কথা থাকলেও বোর্ড তা এক মাস বাড়িয়ে মার্চ পর্যন্ত করেছে।
লিপু আর দীর্ঘমেয়াদে চুক্তিতে আগ্রহী নন বলে আগেই বোর্ডকে জানিয়েছিলেন। আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক বিসিবি নির্বাচনে অংশ নেয়ার জন্য গত অক্টোবরে পদত্যাগ করেছিলেন। লিপু ও রাজ্জাকের স্থলাভিষিক্ত করতেই এখন দু’জনকে খুঁজছে বিসিবি। পুরনো প্যানেলের মাঝে রয়েছেন শুধু হাসিবুল হোসেন শান্ত। এমতাবস্থায় নতুন নির্বাচক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দিয়েছে ক্রিকেট বোর্ড।
ধারণা করা যায়, নিয়োগ পাওয়া দু’জনের মাঝে একজন হবেন প্যানেলের প্রধান নির্বাচক।



