এবার নতুন আইসিসি গঠনের দাবি পাকিস্তানের মন্ত্রীর

দ্বিচারিতা ও ভারতের আধিপত্য দূর করতে নতুন করে আইসিসি গঠনের দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ |সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র তিন দিন বাকি। তবে এখনো মাঠের চেয়ে মাঠের বাইরের বিষয় নিয়েই আলোচনা হচ্ছে বেশি। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে বিশ্বকাপে নেই বাংলাদেশ। বদলে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান।

যদিও বয়কটের কোনো কারণ জানায়নি তারা। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়া ও আইসিসির দ্বিমুখী নীতির প্রতিবাদে পাকিস্তানের এমন কঠিন সিদ্ধান্ত।

আইসিসির দ্বিমুখী নীতি অবশ্য নতুন কিছু নয়। ভারতকে বরাবরই একটু বেশি প্রাধাণ্য দিয়ে থাকে তারা। মাঠ কিংবা মাঠের বাইরে ভারতের আধিপত্য দেখা মিলেছে বহুবার।

যা নিয়ে হরহামেশাই কথা উঠে ক্রিকেট পাড়ায়। প্রায় সময়ই এমন বৈষম্যের সমালোচনা করেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিশ্লেষক, সমর্থকেরা।

এবার এই নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দ্বিচারিতা ও ভারতের আধিপত্য দূর করতে নতুন করে আইসিসি গঠনের দাবি জানিয়েছেন তিনি।

এক্স হ্যান্ডলে তিনি লিখেন, ‘জেন্টেলম্যানদের খেলা ক্রিকেটে চেতনা বজায় রাখতে একটি নতুন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা দরকার। আইসিসি দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের বন্দি হয়ে গেছে।’