ডারউইনে যেসব রেকর্ডের সামনে স্মিথ-মুশফিক-স্টার্ক

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়েও বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন ট্রাভিস হেড। ২০২৫ সাল থেকে ওপেনার হিসেবে ব্যাটিং করে ৯১.৭ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। শুরুতেই হেডকে থামাতে না পারলে বড় চাপে পড়তে পারে বাংলাদেশের বোলিং।

নয়া দিগন্ত অনলাইন
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে প্রথম টেস্ট
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে প্রথম টেস্ট |ফাইল ছবি

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটিকে ঘিরে ব্যক্তিগত মাইলফলকের অপেক্ষায় রয়েছেন দুই দলের একাধিক তারকা।

বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম সবচেয়ে বড় মাইলফলকের সামনে। ১০৩ টেস্টে তার সংগ্রহ ৬ হাজার ৮০৬ রান। আর ১৯৪ রান করলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন তিনি। মুশফিকের টেস্ট ক্যারিয়ারে রয়েছে ১৪ সেঞ্চুরি ও ২৯ ফিফটি।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ১১৯ রান করেছিলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা দলগুলোর মধ্যে বাংলাদেশের বিপক্ষেই এখনো তার টেস্ট সেঞ্চুরি নেই।

অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড দাঁড়িয়ে আছেন ৩০০ উইকেটের দ্বারপ্রান্তে। তার টেস্ট উইকেট ২৯৫টি। সিরিজে আর ৫ উইকেট পেলেই ইতিহাসের ৪২তম এবং অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

আরো বড় রেকর্ডের সামনে মিচেল স্টার্ক। ১০৫ টেস্টে তার শিকার ৪৩১ উইকেট। সিরিজে ৪ উইকেট পেলেই তিনি ভারতের কপিল দেবের ৪৩৪ উইকেটের কাছাকাছি চলে যাবেন। ৫ উইকেট পেলে কপিল দেবকে ছাড়িয়ে যাবেন। ১০ উইকেট নিলে তার উইকেট হবে ৪৪১, তখন পেছনে ফেলবেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনকেও, যার উইকেট ৪৩৯।

বাংলাদেশের জন্য অবশ্য ব্যক্তিগত রেকর্ডের চেয়ে বড় চ্যালেঞ্জ হবে অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণ। গত দুই বছরে টেস্টে অস্ট্রেলিয়ার পেসাররা প্রতি উইকেটে গড়ে মাত্র ২০.৭৫ রান খরচ করেছেন। ডানহাতি ব্যাটারদের বিপক্ষে তাদের গড় আরো ভালো—১৯.৫৫।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়েও বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন ট্রাভিস হেড। ২০২৫ সাল থেকে ওপেনার হিসেবে ব্যাটিং করে ৯১.৭ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। শুরুতেই হেডকে থামাতে না পারলে বড় চাপে পড়তে পারে বাংলাদেশের বোলিং।

সব মিলিয়ে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট প্রত্যাবর্তন শুধু সিরিজের লড়াই নয়, মুশফিক, স্মিথ, হ্যাজেলউড ও স্টার্কদের জন্যও হয়ে উঠতে পারে রেকর্ড গড়ার মঞ্চ।