আইসিসির আমন্ত্রণ রাখছেন না বিসিবি সভাপতি, ফিরছেন দেশে

আইসিসির আমন্ত্রণ পেলেও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কলম্বোয় ভারত–পাকিস্তান ম্যাচ দেখতে যাচ্ছেন না; এসিসি সভা শেষে কুয়েত থেকে সরাসরি দেশে ফিরছেন।

নয়া দিগন্ত অনলাইন
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল |ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আহ্বানে সাড়া দিচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমন্ত্রণ পেলেও যাচ্ছেন না কলম্বো। মাঠে বসে তাই দেখা হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচ।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে কুয়েত থেকে সরাসরি দেশে আসছেন বিসিবি সভাপতি। বাংলাদেশ দল বিশ্বকাপে না থাকায় ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাবেন না তিনি।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে না যাওয়ার কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নিজেই। এক গণমাধ্যমের সাথে আলাপকালে শুক্রবার এমন তথ্যই জানান বুলবুল।

উল্লেখ্য, নানা অনিশ্চয়তা শেষে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর পেছনে বড় একটা ভূমিকা আছে আমিনুল ইসলাম বুলবুলের।

আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-কে নিয়ে একটা সমাধান সূত্র বের করেন তিনি।

এমতাবস্থায় আইসিসি চেয়েছিল বিসিবি সভাপতি তো বটেই, উপমহাদেশের অন্যান্য বোর্ডের প্রধানেরাও যেন মাঠে কলম্বোর প্রেমাদাসায় বসে ভারত-পাকিস্তান ম্যাচটি উপভোগ করেন।

এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গেছেন বিসিবি সভাপতি। সেখানে বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দেন তিনি। সভা শেষে আজ দেশে ফেরার কথা তার।