টেস্টে তানজিদ তামিমের অভিষেক, আগে ব্যাট করবে বাংলাদেশ

তানজিদ হাসান তামিমের টেস্ট অভিষেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। জিতলেই টাইগারদের হবে টানা চার টেস্ট জয়ের নতুন রেকর্ড।

নয়া দিগন্ত অনলাইন
তানজিদ তামিম
তানজিদ তামিম |ফাইল ছবি

নিজেদের ২৬ বছরের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলকে টানা চার টেস্টে হারাতে পারেনি বাংলাদেশ। তবে সেই অপেক্ষা শেষ হতে পারে সিলেটে।

রাওয়ালপিন্ডি আর মিরপুর মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তিনটি টেস্ট জিতেছে বাংলাদেশ। এবার সিলেটে জয় পেলেই টানা চার জয়ের রেকর্ড গড়বে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে সিলেটে আজ শনিবার দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করবে স্বাগতিকেরা। খেলা শুরু সকাল ১০টায়।

টসের আগে অভিষেক ক্যাপ পেয়েছেন তানজিদ তামিম। সাদা পোশাকের ক্রিকেটে তাকে স্বাগতম জানিয়েছেন সতীর্থরা। টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম।

প্রথম শ্রেণির ক্রিকেট রেকর্ড বেশ ভালো তামিমের। ২৫ ম্যাচে ৪০.৪২ গড়ে ১৭৯২ রান করেছেন, আছে ৫টি সেঞ্চুরিও।

তামিমের অভিষেক হলেও ফেরা হয়নি জাকির হাসানের। চোট থাকলেও মাহমুদুল হাসান জয়ই খেলছেন সিলেটে। পরিবর্তন আসেনি স্পিন বিভাগেও, আছেন তাইজুলই।

তবে মিরপুর টেস্টে ভালো করতে না পারায় বাদ পড়েছেন ইবাদত হোসেন। তার জায়গায় ফিরেছেন শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।