অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আটবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে জুনিয়র টাইগাররা। এবার যুবাদের সামনে সুযোগ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার। সেই লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সোমবার এক বিবৃতিতে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন আজিজুল হাকিম তামিম।
এই দলে ইনজুরির কারণে জায়গা হয়নি পেসার আল ফাহাদের। এ ছাড়া সবশেষ সিরিজে খেলা দেবাশীষ সরকার বাদ পড়েছেন। তার পরিবর্তে এশিয়া কাপ দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন।
উল্লেখ্য, চলতি মাসে মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। ৮ দলের টুর্নামেন্টের সূচি ও গ্রুপিং চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে দলগুলো।
১২ ডিসেম্বর দুবাইয়ে পর্দা উঠবে এবারের আসরের। তবে আয়োজক হিসেবে থাকছে আফগানিস্তান। যেখানে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের সাথে আছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।
১৩ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা। আইসিসি একাডেমি মাঠে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে জুনিয়র টাইগাররা। এরপর এক দিনের বিরতি দিয়ে ১৫ ডিসেম্বর নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
দ্যা সেভেনস স্টেডিয়ামে গড়াবে দুই দলের লড়াই। আর গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ডিসেম্বর। এ দিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে যুবারা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আইসিসি একাডেমি মাঠে।
অন্যদিকে টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সাথে আছে আরব আমিরাত ও মালয়েশিয়া। বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর, আইসিসির একাডেমি মাঠে।
প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৯ ডিসেম্বর একইদিনে অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। আর ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে গড়াবে এশিয়া কাপের ফাইনাল।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী, রিফাত বেগ, সামিউন বশির, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।
স্ট্যান্ডবাই
রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।



