দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ৪ অক্টোবর। আর এর পর্দা নামবে ২১ নভেম্বর। বেশিরভাগ ম্যাচই হবে দক্ষিণ আফ্রিকার মাঠগুলোতে।
বিশ্বকাপের সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি আইসিসি। তবে আহমেদাবাদে বোর্ড সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আইসিসি। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে এডিনবার্গে আরেকটি সভার পর ঘোষণা করা হবে সূচি।
ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার ৮টি ভেন্যুতে হবে ৪১টি ম্যাচ। জিম্বাবুয়ের ৩ ভেন্যুতে হবে ১০টি ম্যাচ। আর নামিবিয়াতে হবে শুধু বিশ্বকাপের ৩ ম্যাচ।
জিম্বাবুয়েতে সাধারণত খেলা হয় হারারে ও বুলাওয়ায়ো মাঠে। বিশ্বকাপ উপলক্ষে তারা এরই মধ্যে তৈরি করছে ভিক্টোরিয়া ফলসে নতুন একটি মাঠ। আগামী বছরের মে মাসে আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে দ্য ফেল মোসি-আ-তুনিয়া আন্তর্জাতিক স্টেডিয়ামের।
২০০৩ সালের পর এটিই হবে আফ্রিকা মহাদেশের প্রথম ওয়ানডে বিশ্বকাপ। মাঝের সময়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছে জিম্বাবুয়ে ও নামিবিয়া।
গত দুই বিশ্বকাপ ১০ দল নিয়ে হলেও, ২০১৫ সালের মতো ২০২৭ সালেও হবে ১৪ দলের টুর্নামেন্ট। দুই গ্রুপে ৭টি করে দল রাখা হবে। যেখান থেকে সেরা ৩ দল পাবে সুপার সিক্সের টিকিট।
আইসিসির পূর্ণ সদস্য দেশ হওয়ায় স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আর বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করতে হবে নামিবিয়ার।



