পাকিস্তান টেস্ট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।
গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর টেস্ট দলের কোচের পদ ছাড়েন আজহার মাহমুদ। এরপর থেকে পাকিস্তান টেস্ট দলের কোচের পদ শূন্য ছিল। বাংলাদেশ সফরকে সামনে রেখে সরফরাজকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের হয়ে ৫৪ টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সরফরাজ। ২০১৭ সালে সরফরাজের নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে পাকিস্তান।
গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সরফরাজ। এ বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহীনসের মেন্টর ও ম্যানেজার হিসেবেও কাজ করেন তিনি।
পাকিস্তানের কোচিং প্যানেলে আরো কিছু পরিবর্তন এসেছে। বাংলাদেশ সিরিজে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আসাদ শফিক এবং বোলিং কোচ হিসেবে আছেন উমর গুল।
২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত ৭৭ টেস্ট, ৬০ ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শফিক। এসময় তিন ফরম্যাট মিলিয়ে ৬১৮৮ রান করেছেন তিনি।
২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন গুল। তিন ফরম্যাট মিলিয়ে ২৩৭টি ম্যাচ খেলে ৪২৭টি উইকেট শিকার করেছেন তিনি।



