ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। এই সিদ্ধান্ত এখন চূড়ান্ত। তবে বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনি শেষ হয়ে যায়নি, বিকল্প ভেন্যুতে খেলার আশায় আছে টাইগাররা। সেই লক্ষ্যে প্রস্তুতির কমতি রাখছে না দল।
তবে ভেন্যু পরিবর্তন হলেও দলের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মঙ্গলবার গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি দাবি করেন বিশ্বকাপ খেলতে প্রস্তুত তিনি ও তার দল।
২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের।
সূচি অনুযায়ী বাংলাদেশ দলের সবগুলো ম্যাচই গড়াবে ভারতে, কলকাতা ও মুম্বাইয়ে। সেই লক্ষ্যে বিশ্বকাপের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলও ঘোষণা করে বিসিবি।
তবে এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। এক মোস্তাফিজুর রহমানকেই যেখানে নিরাপত্তা দিতে অপারগ ভারত, সেখানে গোটা বাংলাদেশকে কিভাবে নিরাপত্তা দেবে, তা নিয়ে প্রশ্ন ওঠে।
এমতাবস্থায় ক্রিকেটার, ম্যানেজমেন্টসহ দর্শকদের নিরাপত্তার কথা ভেবে আইসিসির কাছে মেইল করে বিসিবি। জানায় ভেন্যু বদলের আরজি। সমস্যা সমাধানে আইসিসি সহসাই সভায় বসতে যাচ্ছে বলে জানা গেছে।
তবে কী সিদ্ধান্ত আসবে, তার জন্য অপেক্ষা করছে না দল। বিশ্বকাপের জন্য বাংলাদেশ প্রস্তুত দাবি করে সাইফউদ্দিন বলেন, ‘জানি না আসলে কী হবে, যেহেতু আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা যেকোনো ভেন্যুতেই খেলতে সব সময় প্রস্তুত।’
‘বেশকিছু দিন আগে শ্রীলঙ্কার কন্ডিশনে আমরা টি-টোয়েন্টি সিরিজ ও পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি। আমাদের জন্য আরো অনেক বেশি খাপখাইয়ে নেয়াটা সুবিধা হবে আশা করি।’ যোগ করেন তিনি।
সাইফুদ্দিন আরো বলেন, ‘আমরা যেকোনো কন্ডিশনে- সেটা ইন্ডিয়াই হোক বা শ্রীলঙ্কাই হোক আমরা সব সময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য। এটা যেখানেই হোক।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি সাইফউদ্দিনের। দলে ফিরলেও থিতু পারেননি ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার। ফিটনেসও বিভিন্ন সময় বাধা হয়েছে। তবে এখন আর সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।
সাইফুদ্দিন বলেন, ‘ইনশাআল্লাহ গত চার-পাঁচ মাস চাচ্ছি যেরকম, সবকিছু হচ্ছে। চেষ্টা করবো এই ধারাবাহিকতা বজায় রাখার, দলের নিয়মিত হওয়ার।’



