ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আইসিসির মর্যাদাপূর্ণ ‘হল অব ফেম’-এ জায়গা পেতে যাচ্ছেন। আগামী ১১ জুলাই আইসিসির বার্ষিক সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে। ৮ জুলাই ৫৪তম জন্মদিনে পা রাখা সৌরভের জন্য এটি হতে যাচ্ছে বিশেষ এক স্বীকৃতি।
এই সম্মান পেলে ভারতের দশম পুরুষ ক্রিকেটার হিসেবে আইসিসির ‘হল অব ফেম’-এ নাম লেখাবেন সৌরভ। এর আগে এই তালিকায় জায়গা পেয়েছেন শচীন টেন্ডুলকর, সুনীল গাভাস্কার, কপিল দেব, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেবাগ, বিষেণ সিং বেদি ও বিনু মানকড়। এ ছাড়া ভারতের নারী ক্রিকেটারদের মধ্যে ডায়ানা এডুলজিও এই স্বীকৃতি পেয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভের ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। ১১৩টি টেস্টে তিনি ৭ হাজার ২১২ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১৬টি শতক। ৩১১টি ওয়ানডেতে করেছেন ১১ হাজার ৩৬৩ রান এবং সেঞ্চুরি করেছেন ২২টি। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ১৩২টি উইকেট। অফ সাইডে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য তিনি ‘গড অব অফ সাইড’ নামে পরিচিত ছিলেন।
২০০০ সালে ভারতীয় দলের অধিনায়কত্ব গ্রহণের পর কঠিন সময় পার করা দলটিকে নতুন করে গড়ে তোলেন সৌরভ। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির পর তিনি দলের নেতৃত্ব নিয়ে নতুন প্রজন্মের ক্রিকেটারদের ওপর আস্থা রাখেন এবং বিদেশের মাটিতে লড়াই করার মানসিকতা তৈরি করেন।
বীরেন্দ্র সেবাগকে ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করা, হরভজন সিংকে সুযোগ দেয়া এবং যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ ও জহির খানের মতো ক্রিকেটারদের জাতীয় দলে প্রতিষ্ঠিত করার পেছনেও সৌরভের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারতীয় ক্রিকেটে তার সেই অবদানের স্বীকৃতিই এবার আইসিসির ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে আরো একবার মিলতে যাচ্ছে।



