বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রতিভা খোঁজার পুরোনো উদ্যোগ এবার আরো বড় পরিসরে ফিরছে। শুধু পেসার নয়, এবার দেশজুড়ে খোঁজা হবে স্পিনারও। একই সাথে এই বোলার হান্টে অংশ নেয়ার সুযোগ থাকছে নারী ক্রিকেটারদেরও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে দেশব্যাপী বোলার বাছাই কার্যক্রম। সহযোগী হিসেবে থাকছে স্পন্সর প্রতিষ্ঠান রবি। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দেশের মোট আটটি ভেন্যুতে হবে এই বাছাই কার্যক্রম। এর মাঝে ঢাকায় থাকবে দুটি ভেন্যু। তবে সব ভেন্যুতে একই দিনে বাছাই হবে না; নির্ধারিত সূচি অনুযায়ী ভিন্ন ভিন্ন দিনে কার্যক্রম পরিচালনা করা হবে।
বোলার বাছাইয়ে থাকবেন জাতীয় দলের আশপাশে থাকা কোচরা। নারী ক্রিকেটারদের বাছাইয়ের সময় নির্বাচকরাও মাঠে উপস্থিত থাকবেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গতি, বৈচিত্র্য কিংবা স্পিনে দক্ষ সম্ভাবনাময় বোলার খুঁজে বের করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তবে প্রতিভা খুঁজে পাওয়ার পরই শেষ হবে না কার্যক্রম। নির্বাচিত বোলারদের আধুনিক প্রশিক্ষণ ও নিয়মিত পরিচর্যার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বিসিবির। দীর্ঘমেয়াদে তাদের জাতীয় দল ও জাতীয় দলের পাইপলাইনের জন্য প্রস্তুত করাই হবে এই উদ্যোগের লক্ষ্য।
এর আগে দেশব্যাপী পেসার হান্টের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে উঠে এসেছেন বেশ কয়েকজন পরিচিত পেসার। তাদের মধ্যে রুবেল হোসেন, শফিউল ইসলাম ও এবাদত হোসেন অন্যতম। আরো অনেক পেসারকেও এমন বাছাই কার্যক্রমের মাধ্যমে খুঁজে পেয়েছিল বিসিবি।
তবে গত কয়েক বছর ধরে বন্ধ ছিল দেশজুড়ে পেসার খোঁজার এই উদ্যোগ। প্রায় তিন মাস আগে নিজের অবসর সম্মাননা অনুষ্ঠানে সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেন আবারো পেসার হান্ট চালুর দাবি জানিয়েছিলেন।
তার আশা ছিল, এমন উদ্যোগের মাধ্যমে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের মতো আরো পেসার উঠে আসতে পারেন। রুবেলের সেই আহ্বানের পর এবার ফিরছে বোলার হান্ট। তবে এবার উদ্যোগটি আরো বিস্তৃত—পেসারের পাশাপাশি খোঁজা হবে স্পিনার, আর সুযোগ থাকছে নারী ক্রিকেটারদেরও।



