দেখেশুনে শুরু করেছিল বাংলাদেশ। যদিও মনযোগ ধরে রাখতে পারেননি দুই ওপেনার। থিতু হওয়ার আগেই ফেরেন তারা। তবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে টানছেন অধিনায়ক।
মধ্যাহ্নভোজের আগে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক মিলে দলকে পৌঁছে দিয়েছেন তিন অঙ্কে। ২৬ ওভারে ২ উইকেটে ১০১ রান তুলে বিরতিতে গেছে টাইগাররা। শান্ত ৩৯ ও মুমিনুল ৩১ রানে ব্যাট করছেন।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করছে টাইগাররা। তবে শুরুটা ভালো হয়নি, ৩১ রানে ২ উইকেট হারায় দল।
উদ্বোধনী জুটি ভাঙে ৬.১ ওভারে ১৮ রানে। মাহমুদুল হাসান জয়কে ফেরান শাহীন শাহ আফ্রিদি। উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফিরেন ১৯ বলে ৮ রান করে। অবশ্য আরো আগেই ফিরতে পারতেন তিনি।
পঞ্চম ওভারে আফ্রিদির প্রথম বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়েছিলেন মাহমুদুল। ক্যাচটি ধরতে পারেননি সালমান আগা। তবে জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না তিনি। এরপর ফিরেন সাদমান ইসলামও।
১১তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই সাদমানকে (৩০ বলে ১৩) স্লিপে ফেরান হাসান আলী। তবে এরপর হাল ধরেন শান্ত ও মুমিনুল। দু’জনে মিলে ৯৫ বলে মিলে ৭০ রানের জুটি গড়েন তারা।
প্রথম সেশনে পাঁচ বোলার ব্যবহার করেছে পাকিস্তান। তাদের জুটি ভাঙতে পার্টটাইমার সালমান আগাকে দিয়ে স্পিন বোলিং করিয়েছে পাকিস্তান। পাশাপাশি নিয়মিত স্পিনার নোমান আলীও বোলিং করেন।



