উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজকে মাটিতে নামিয়ে আনলো দক্ষিণ আফ্রিকা। ক্যারিবীয়দের পাত্তাই দিল না তারা, ১৭৭ রানের লক্ষ্য মামুলি বানিয়ে জয় তুলে নিল ৯ উইকেটে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭৬ তুলে ওয়েস্ট ইন্ডিজ। যা ১ উইকেট হারিয়ে ২৩ বল বাকি থাকতেই পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
আহমেদাবাদে জয়ের লক্ষ্যে নেমে দক্ষিণ আফ্রিকাকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম। পাওয়ার প্লেতে বিনা উইকেটে এনে দেন ৬৯ রান।
পাওয়ার প্লে শেষেও আগ্রাসী ব্যাটিং করে দু’জনে। দু’জনেই ছুটছিলেন ফিফটির পথে। তবে তা হয়নি, ২৪ বলে ৪৭ রান করে বিদায় নেন ডি কক। তাতে ভাঙে ৪৮ বলে ৯৫ রানের উদ্বোধনী জুটি।
এরপর মার্করামের সাথে যোগ দেন রায়ান রিকেলটন। আর কোনো বিপদ ছাড়াই ১৬.১ ওভারে দু’জনে নিশ্চিত করেন জয়। ৪৬ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন মার্করাম। রিকেলটন করেন ২৮ বলে ৪৫* রান।
এর আগে, ব্যাটিংয়ে নেমে ১০.২ ওভারে ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। তবে অষ্টম উইকেট জুটিতে বিশ্বরেকর্ড গড়ে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডার।
দু’জনে নিলে ৫৭ বলে ৮৯ রানের জুটি গড়েন। তাতে ১৭৬ রান পর্যন্ত যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ১ বল বাকি থাকতে হোল্ডার ৩১ বলে ৪৯ করে আউট হলেও ৩৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন শেফার্ড।
লুঙ্গি এনগিডি ৩০ রানে ৩, করভিন বশ ও কাগিজো রাবাদা নেন দু’টি করে উইকেট।
উল্লেখ্য, টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জন্য খানিকটা কঠিন হলো পথ।



