টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৯৪৬ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে দেশ দু’টি। তবে এক সিরিজে তিন ম্যাচের বেশি কখনো খেলেনি তারা।
অবশেষে চলতি বছরের ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা।
২০২৬-২৭ গ্রীষ্মে পুরুষ ও নারী দলের বিপক্ষে তিন ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ ডিসেম্বর প্রথম টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। ঘরের মাঠ পার্থে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে এবং মেলবের্নে ২৬ ডিসেম্বর থেকে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে দু’ দল। ২০২৭ সালের ৪ জানুয়ারি সিডনিতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে।
এর আগে, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মৌসুম শুরু করবে অস্ট্রেলিয়া। এ বছরের ১৩ আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচটি। ম্যাকাইয়ে ২২ আগস্ট থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।
সূত্র : বাসস



