বিসিবির পরিচালক হলেন যে ২৫ জন

ক্যাটাগরি-২ থেকে ১২টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১৬ জন। এই ক্যাটাগরিতে ভোটার ছিলেন ৭৬ জন। যেখানে ভোট দিয়েছেন ৭৪ জন। এর মাঝে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী সভাপতি হলেন তামিম ইকবাল। মাত্র ৩৭ বছর বয়সে দেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে আসীন হলেন তিনি। এখন তার নেতৃত্বেই পরিচালিত হবে দেশের ক্রিকেট।

এ ছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। সব মিলিয়ে আগামী চার বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব সামলাতে প্রস্তুত ২৫ জন পরিচালক।

বিসিবি কার্যালয়ে প্রথমে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হন তামিম। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন হয়নি, তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন। যে কারণে তিনিই বিসিবির ১৮তম ও নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ (রোববার)। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।

সব মিলিয়ে এদিন ভোট হয় ১৫টি পরিচালক পদে। ক্যাটাগরি-১ থেকে দুই বিভাগে ৩ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৫ জন। আর ক্যাটাগরি-২ থেকে ১২ পদের বিপরীতে ছিলেন ১৬ জন।

ক্যাটাগরি-১ থেকে ভোটাভুটি হয়েছে শুধু খুলনা ও বরিশাল বিভাগে। যেখানে খুলনা বিভাগে ১০টি করে ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন শফিকুল আলম ও শান্তনু ইসলাম। আর বরিশাল বিভাগ থেকে ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান।

এর আগে ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৭ জন। তারা হলেন- ঢাকা বিভাগের সাইদ বিন জামান, এসএম আব্দুল্লাহ ফুয়াদ, সিলেটের আব্দুল কাইয়ুব চৌধুরী, চট্টগ্রামের মিনহাজুল আবেদিন নান্নু, মঈন উদ্দিন চৌধুরী, রাজশাহীর মীর শাকরুল আলম সীমান্ত ও রংপুরের মির্জা ফয়সাল আমীন।

ক্যাটাগরি-২ থেকে ১২টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১৬ জন। এই ক্যাটাগরিতে ভোটার ছিলেন ৭৬ জন। যেখানে ভোট দিয়েছেন ৭৪ জন। এর মাঝে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল।

এ ছাড়া নির্বাচিত হওয়া বাকি ১১ জন হলেন- সাঈদ ইব্রাহিম (৭২), ইসরাফিল খসরু (৭২), মাসুদুজ্জামান (৭০), ইয়াসির মোহাম্মদ ফয়সাল (৬৮), শানিয়ান তানিম (৬৬), ফাহিম সিনহা (৬৬), সাকিব আহমেদ সালাম (৬৫), আসিফ রাব্বানি (৬৪), মির্জা ইয়াসির আব্বাস (৬৩), রফিকুল ইসলাম বাবু (৫৩), প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম (৪১)।

এ ছাড়া তৃতীয় ক্যাটাগরিতে এক পরিচালক পদের বিপরীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো: আলমগীর।

সব মিলিয়ে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩ থেকে ১ জনসহ ২৩ জন নিয়ে হবে বিসিবির প্রাথমিক পরিচালনা পরিষদ।

এর সাথে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে বিসিবি পরিচালকের দায়িত্ব পেয়েছেন শেখ মোহাম্মদ রুহুল আমিন ও মো: সরফরাজ আহমেদ।