রোববার পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারে আসরের। এখন কেবল শিরোপা নির্ধারণী ম্যাচ। আহমেদাবাদে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যাচেই মিলে যাবে সেই সমীকরণ।
একদিকে যখন শিরোপার লড়াই, অন্যদিকে তখন প্রশ্ন উঠেছে, আসর সেরার পুরস্কার উঠবে কার হাতে? যার সরাসরি উত্তর দেয়নি অবশ্য আইসিসি, রহস্য রেখে জানিয়েছে বেশ কিছু নাম।
বিশ দলের হয়ে বিশ্বকাপে খেলেছেন দুই শতাধিক ক্রিকেটার। নামে-ভারে তারকা ক্রিকেটাররা তো বটেই, আছে প্রতিভাবান তরুণদের আধিপত্যও। তাদের মাঝে থেকে ৬ দেশের ৮ ক্রিকেটার খুঁজে নিয়েছে আইসিসি।
টুর্নামেন্টসেরা হওয়ার দৌড়ে আছে ফাইনালে ওঠা নিউজিল্যান্ডের দু’জন ও ভারতের একজন ক্রিকেটার। আর সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দক্ষিণ আফ্রিকার দু’জন আছেন এই তালিকায়।
এছাড়া আরেক সেমিফাইনালিস্ট ইংল্যান্ড, সুপার এইটে বাদ পড়া পাকিস্তান, আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র থেকে একজন করে আছেন তালিকায়।
সঞ্জু স্যামসন : বিশ্বকাপের শুরুর দিকে দলে জায়গা না পাওয়া এ ভারতীয় ব্যাটার চার ম্যাচে ৭৭.৩৩ গড়ে করেছেন ২৩২ রান। স্ট্রাইট রেট ২০১.৭৩। ভারত চ্যাম্পিয়ন হলে হয়তো টুর্নামেন্ট সেরা হতে পারেন তিনিই।
তাকে এগিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে অলিখিত কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৯৭* ও ৮৯ রানের ইনিংস। দুই ম্যাচেই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
উইল জ্যাকস : সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছে। ইংল্যান্ডের উইল জ্যাকস। আটটি ম্যাচ খেলে ২২৬ রান করেছেন তিনি, সাথে নিয়েছেন ৯টি উইকেট। আসরে চারবার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার।
টিম সেইফার্ট : নিউজিল্যান্ডের হয়ে এবার ৮ ম্যাচ খেলে ২৭৪ রান করেছেন সেইফার্ট। স্ট্রাইক রেট ১৬১.১৭। এসেছে তিনটি ফিফটি। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারাতে রাখেন বড় ভূমিকা।
রাচিন রবীন্দ্র : নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রও আছেন সেরা হবার দৌঁড়ে। এই কিউই অলরাউন্ডার বিশ্বকাপে ৮ ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। আর ব্যাট হাতে করেছেন ১২৮ রান।
এইডেন মার্করাম : দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম ৮টি তিন ফিফটিতে করেছেন ২৮৬ রান, নিয়েছেন একটি উইকেটও। আইসিসির চোখে টুর্নামেন্ট সেরা হবার রেসে আছেন তিনিও।
লুঙ্গি এনগিডি : প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডিও। সাতটি ম্যাচে ১২টি উইকেট নেন তিনি। দলকে সেমিফাইনালে তুলতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
সাহিবজাদা ফারহান : সাহিবজাদা ফারহান এবারে বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৭৬.৬০ গড়ে ৩৮৩ রান করেন। বিশ্বকাপ ইতিহাসের এক আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।
একমাত্র ক্রিকেটার হিসাবে বিশ্বকাপের এক আসরে একাধিক সেঞ্চুরি করেছেন পাক এই ব্যাটার। করেছেন দু’টি অর্ধশতও। যা তাকেও রেখেছে বিশ্বকাপের সেরা হওয়ার দৌড়ে।
শ্যাডলে ফান শকউইক : সহযোগী সদস্য দেশগুলোর মাঝে একমাত্র শ্যাডলে ফান শকউইক আছেন সেরা হওয়ার তালিকায়। চারটি ম্যাচ খেলে ১৩টি উইকেট নেন তিনি। আছেন এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে।



