আবারো আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ে মুশফিক ও তাইজুল—দুজনেরই অবদান ছিল অসামান্য। তবে আইসিসির চোখে মুশফিক এগিয়ে ছিলেন একটুখানি।

নয়া দিগন্ত অনলাইন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম |ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন তিনি।

সোমবার (২২ জুন) এক বিবৃতিতে মাসসেরার পুরস্কারজয়ী হিসেবে সাবেক বাংলাদেশ অধিনায়কের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মে মাসের সেরা খেলোয়ার হওয়ার লড়াইয়ে মুশফিক পেছনে ফেলেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ছিলেন বাংলাদেশের অন্যতম ভরসার নাম। ৬০-এর বেশি গড়ে তিনি সংগ্রহ করেন ২৫৩ রান।

ঢাকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে খেলেন ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এরপর সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি, করেন ১৩৭ রান।

ধারাবাহিক এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সিরিজসেরার স্বীকৃতিও পান তিনি।

তবে মাসসেরা হওয়ার দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন তাইজুল ইসলামও।

সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই বাঁহাতি স্পিনার। দুই টেস্টে মাত্র ১৯.৬১ গড়ে শিকার করেন ১৩ উইকেট। সিলেট টেস্টে একাই নেন ৬ উইকেট।

বল হাতে সাফল্যের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখেন তিনি। ৫৮ রান আসে তার ব্যাটে।

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ে মুশফিক ও তাইজুল—দুজনেরই অবদান ছিল অসামান্য। তবে আইসিসির চোখে মুশফিক এগিয়ে ছিলেন একটুখানি।

এই নিয়ে দ্বিতীয়বার মাস সেরা হলেন তিনি। এর আগে ২০২১ সালের এই মে মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রথমবার এই পুরস্কার জেতেন।