বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের মেন্টর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে বোর্ডের সাথে মাহমুদউল্লাহর আলোচনা ইতিবাচক পর্যায়ে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের যুব বিশ্বকাপ পর্যন্ত তাকে এই দায়িত্বে দেখা যেতে পারে। ওই আসরের আয়োজক দেশ বাংলাদেশ।
বিসিবি বয়সভিত্তিক ক্রিকেটে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই মাহমুদউল্লাহকে নিয়োগ দেয়া হচ্ছে।
তবে, মেন্টর হিসেবে কাজ করার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও চালিয়ে যাবেন মাহমুদউল্লাহ। যুব দলের ক্যাম্প চলাকালে নির্দিষ্ট সময় দলের সাথে থেকে ক্রিকেটারদের মানসিকতা, ম্যাচ পরিস্থিতি সামলানো এবং আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা ভাগ করে নেয়ার দায়িত্ব পালন করবেন তিনি।
এ ছাড়া দেশে-বিদেশে সিরিজ বা টুর্নামেন্টেও দলের সাথে থাকতে পারেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
সম্প্রতি জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাককে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ চূড়ান্ত করেছে বিসিবি। বোর্ডের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া অভিজ্ঞ ক্রিকেটারদের ধাপে ধাপে কোচিং ও মেন্টরিং কাঠামোয় যুক্ত করা হচ্ছে।



