২১ বছর পর বিসিবির মিডিয়া বিভাগ ছাড়ছেন রাবিদ ইমাম

তবে বিসিবির সাথে তার পথচলা শেষ হচ্ছে না। নতুন দায়িত্বে তিনি কাজ করবেন বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের সাথে।

নয়া দিগন্ত অনলাইন
রাবিদ ইমাম
রাবিদ ইমাম |সংগৃহীত

দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ছেন রাবিদ ইমাম। তবে বিসিবির সাথে তার পথচলা শেষ হচ্ছে না। নতুন দায়িত্বে তিনি কাজ করবেন বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের সাথে।

২০০৫ সাল থেকে বিসিবির সাথে আছেন রাবিদ ইমাম। দীর্ঘ সময়ে মিডিয়া বিভাগের বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই তার দায়িত্ব পরিবর্তন নিয়ে গুঞ্জন ছিল। অবশেষে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রাবিদ নিজেই।

মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে রাবিদ জানিয়েছেন, দীর্ঘদিন এই দায়িত্ব পালনের পর এবার তিনি আরো সরাসরি ক্রিকেটের সাথে কাজ করতে চেয়েছেন। জানা গেছে নতুন দায়িত্বে এজিএম হিসেবে কাজ করবেন রাবিদ।

তবে তার মূল দায়িত্ব থাকবে বিসিবির এইচপি বিভাগকে ঘিরে। দেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করা ও ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

রাবিদ বলেন, ‘অনেক বছর তো হলো দায়িত্বের। যে কারণে অনেক দিন ধরেই ভাবছিলাম, এই দায়িত্ব ছেড়ে কিভাবে আরো সরাসরি ক্রিকেটের সাথে থাকা যায়। এখন সুযোগ পেয়েছি, চেষ্টা করব কাজ করার।’

এদিকে রাবিদ ইমাম মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ায় সেখানেও পরিবর্তন আসছে। জানা গেছে, বিসিবির মিডিয়া বিভাগে নতুন করে অন্তত দুজন মিডিয়া ম্যানেজার নিয়োগ দেয়া হতে পারে।

কারা নতুন দায়িত্ব পাচ্ছেন, তা শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন বিভিন্ন সূত্র।