আইসিসির চেয়েও চ্যাম্পিয়নদের বেশি টাকা দিচ্ছে বিসিসিআই

একইসাথে ভবিষ্যতেও যেন ভারতীয় ক্রিকেট এ ধরনের সাফল্যের ধারা বজায় রাখতে পারে সেই প্রত্যাশাও প্রকাশ করেছে বোর্ড।

নয়া দিগন্ত অনলাইন
বিশ্বচ্যাম্পিয়ন ভারত
বিশ্বচ্যাম্পিয়ন ভারত |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

বিশ্বকাপ জেতা ভারত দলের আনন্দ দ্বিগুণ করে দিলো বিসিসিআই। শিরোপাজয়ীদের মোটা অঙ্কের প্রাইজমানি দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যা আইসিসির মোট প্রাইজমানি থেকেও বেশি!

রোববার আহমেদাবাদে ইতিহাস গড়েছে ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে ম্যান ইন ব্লুরা।

এ ছাড়া ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার প্রথম কীর্তি তাদের। একমাত্র দল হিসেবে রেকর্ড তিনটি শিরোপা অর্জন করেছে সূর্য কুমার যাদবের দল।

আকাশচুম্বী এই সাফল্যের ফলাফল হিসেবে আইসিসির কাছ থেকে তারা প্রাইজমানি হিসেবে পেয়েছে প্রায় ৩ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬ কোটি ৩০ লাখ টাকা। ভারতীয় রুপিতে যা ২৭ কোটি।

তবে সূর্য কুমার যাদবরা বড় উপহার পেয়েছেন বিসিসিআইয়ের কাছ থেকে। দেশটির ক্রিকেট বোর্ড ১৩১ কোটি রুপি পুরস্কার দিচ্ছে শিরোপাজয়ীদের।

বিশ্বকাপে আইসিসির মোট প্রাইজমানিই ছিল ১২১ কোটি রুপি, বাংলাদেশী মুদ্রায় ১৬০ কোটি টাকা। তার চেয়েও ১৩ কোটি টাকা বেশি দিচ্ছে ভারতের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা।

সূর্যকুমার যাদবদের ১৭৩ কোটি টাকা দেয়ার কথা বলেছে বিসিসিআই। যা ক্রিকেটারদের প্রাপ্তির ব্যাপ্তি আরো বাড়িয়ে দিয়েছে।

বোর্ডের এক বিবৃতিতে সেক্রেটারি দেজিত সাইকিয়া বলেন, ‘আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্টজুড়ে দলটি যেভাবে দাপট দেখিয়েছে এবং ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে ট্রফি ধরে রেখেছে, তা ভারতীয় ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’

বোর্ডের পক্ষ থেকে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও নির্বাচকদেরও অভিনন্দন জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এই অর্জনের জন্য পুরো দল ও সংশ্লিষ্ট সবাই প্রশংসার দাবিদার।’

একইসাথে ভবিষ্যতেও যেন ভারতীয় ক্রিকেট এ ধরনের সাফল্যের ধারা বজায় রাখতে পারে সেই প্রত্যাশাও প্রকাশ করেছে বোর্ড।