দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল জল্পনা শেষে দেশে ফিরে বিসিবির কার্যক্রমে যোগ দিয়েছেন। তার অনুপস্থিতি ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান হলেও সামনে নানা চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

নয়া দিগন্ত অনলাইন
আমিনুল ইসলাম বুলবুল
আমিনুল ইসলাম বুলবুল |সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

বিসিবির একাধিক সূত্র ও পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এমনকি জানা গেছে, রোববার সকাল থেকে মিরপুরে অফিসও করছেন সাবেক এই অধিনায়ক।

গত ১৬ ফেব্রুয়ারি পরিবারসহ রমজান ও ঈদ উদযাপনের উদ্দেশে অস্ট্রেলিয়ায় যান বিসিবি সভাপতি। অনেকটা নিভৃতেই পরিবারের কাছে উড়াল দেন তিনি। যা বেশ আলোচনার জন্ম দেয়।

পরিবার দীর্ঘদিন ধরেই সেখানে বসবাস করায় দায়িত্ব গ্রহণের পরও তিনি কয়েকবার দেশের বাইরে সময় কাটিয়েছেন। তবে এবারের সফর ঘিরে পরিস্থিতি ছিল ভিন্ন।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও বিসিবির নির্বাচন নিয়ে উঠা বিতর্কের মাঝে তার এই বিদেশযাত্রা নিয়ে শুরু হয় ব্যাপক গুঞ্জন। অনেকেই ধারণা করেন, হয়তো তিনি আর দেশেই ফিরবেন না।

এই গুঞ্জনের মধ্যে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৬ বা ২৭ মার্চের মধ্যেই দেশে ফিরবেন বুলবুল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় সন্দেহ আরো ঘনীভূত হয়।

অবশেষে নির্ধারিত সময়ের দু’দিন পর তার দেশে ফেরা সব জল্পনার অবসান ঘটালেও সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা। অনেক কিছুই মোকাবেলা করতে হবে বিসিবি প্রধানকে।