ভারত-পাকিস্তান ক্রিকেটীয় স্নায়ুযুদ্ধের মাঝে এবার আফগানিস্তানের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন পিসিবির সাবেক প্রধান নাজাম শেঠি। করলেন দলটির বিরুদ্ধে স্বার্থপরতার অভিযোগ।
আফগানিস্তান দল যখনই কোনো সঙ্কটে পড়েছে, তখনই তাদের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। তবুও আইসিসি সভায় আফগানরা বরাবরই ভারতের পক্ষ নেয় বলে ক্ষুদ্ধ তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে শেঠি বলেন, “আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে আমার সাথে যোগাযোগ করা হয়। আর আমাকে বলা হয়, ‘আমাদের টাকা নেই, আমাদের সাথে একটি সিরিজ খেলুন।’ তখন আমরা শারজায় তাদের সাথে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলি ও লাভের পুরোটাই তাদের দিয়ে দেই। এসবের পরও তারা সব মিটিংয়ে ভারতের পক্ষ নেয়।”
নাজাম শেঠির মতে, আইপিএলে খেলার সুযোগ পেতে ও ভারতের মাটিতে ‘হোম’ ভেন্যু ব্যবহারের সুবিধার কারণেই আফগানিস্তান বিসিসিআইয়ের প্রতি এতটা অনুগত থাকে।
মূলত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে ডাক দিয়েছিল পাকিস্তান, সেখানে অন্য কোনো বোর্ড থেকে সমর্থন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেই এই বক্তব্য দেন শেঠি।
উল্লেখ্য, আফগানিস্তানের সাথে পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক খুব একটা ভালো নয়। গত কয়েক বছরে দু’দেশের রাজনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন চলছে, তারই প্রভাব পড়েছে ক্রিকেটে।
এমনকি ২০২২ এশিয়া কাপে শারজায় পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে গ্যালারিতে সংঘর্ষে জড়িয়েছিলেন দু’দেশের সমর্থকেরা। যা তখন বেশ বিতর্ক ছড়ায়।



