লিটন দাসের লক্ষ্য ২০২৮ বিশ্বকাপ

আগামীকাল চট্টগ্রামে দুপুর ২টায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। যা চলতি বছর এই সংস্করণে তাদের প্রথম ম্যাচ। এই ম্যাচে জয়ের জন্যই নামবে টাইগাররা।

নয়া দিগন্ত অনলাইন
লিটন কুমার দাস
লিটন কুমার দাস |ফাইল ছবি

সবকিছু ঠিক থাকলে লিটন দাসের নেতৃত্বেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারতো বাংলাদেশ। তবে সবকিছু ঠিক থাকেনি। নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি টাইগাররা। তবে ২০২৬ বিশ্বকাপে না খেললেও ২০২৮ বিশ্বকাপে হয়তো লিটন দাসের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ। লিটন দাসও সেভাবেই নিজেকে ও নিজের দলকে প্রস্তুত করছেন বলে জানালেন।

সোমবার (২৬ এপ্রিল) চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে আসেন লিটন দাস। সেখানে তিনি বলেন-

‘আমি আমার মতো করেই টিম গোছাচ্ছি। এর সাথে নির্বাচক আছেন, কোচ আছেন। আমাদের সবার পরিকল্পনার মাধ্যমেই আমরা দলটাকে সামনে এগিয়ে নেয়ার চেষ্টা করছি।’

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে আগামী ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানকার উইকেট ও কন্ডিশন বিবেচনা করে এখন থেকেই যথাযথ প্রস্তুতি নিতে চান লিটন। এই প্রসঙ্গে তিনি বলেন-

‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। আমরা জানি যে বিশ্বকাপ এশিয়াতে না। তাই সেভাবেই চিন্তাভাবনা করছি। যেভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, এখনো প্রস্তুতি সেভাবে থাকবে।’

ব্যাটে-বলে দুর্দান্ত প্রস্তুতি নিয়েও সবশেষ বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। তাই প্রায় ৫ মাস ধরে টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে টাইগাররা। তবে সেই পুরনো স্পৃহা নিয়েই এগোতে চান লিটন।

বলেন, ‘যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, সবশেষ বিশ্বকাপের জন্য প্রস্তুতিও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলটাকে ভালো করে ধরে রাখা হয়।’

আগামীকাল চট্টগ্রামে দুপুর ২টায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। যা চলতি বছর এই সংস্করণে তাদের প্রথম ম্যাচ। এই ম্যাচে জয়ের জন্যই নামবে টাইগাররা।

এমনটা জানিয়ে লিটন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটা ম্যাচই প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সবাই ওভাবেই চিন্তা করে। বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, জেতার যে মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামব আমরা।’