চোটের কারণে লিটন দাসের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) মিশন শুরুর আগেই শেষ হয়ে গেছে। তার পরিবর্তে গল গ্ল্যাডিয়েটর্স দলে ভিড়িয়েছে আরেক বাংলাদেশী নুরুল হাসান সোহানকে।
এই মুহূর্তে জাতীয় দলের সাথে জিম্বাবুয়তে আছেন সোহান। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই শ্রীলঙ্কায় দলের সাথে যোগ দেবেন তিনি। ইতোমধ্যে এলপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।
সোহানের আগে একই দলের হয়ে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন লিটন দাস। সে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়নি তাকে।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আঙুলে চোট পাওয়ার পর শেষ পর্যন্ত এলপিএল থেকেও সরে দাঁড়াতে বাধ্য হন এই ওপেনার। সুবাদে কপাল খুলল সোহানের।
আগামী ১৭ জুলাই শুরু হচ্ছে এলপিএলের ২০২৬ মৌসুম। এবারের আসরে বাংলাদেশের হয়ে খেলবেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহান।
বর্তমানে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলছেন সাকিব আল হাসান। টুর্নামেন্ট শেষ করেই তিনি এলপিএলে যোগ দেবেন। মিরাজ খেলবেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে, আর হাসান মাহমুদ প্রতিনিধিত্ব করবেন কলম্বো ক্যাপসের।



