টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে সালমান আগা-বাবর আজমরা।
জানা গেছে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। তবে শেষ পর্যন্ত বাদ যাচ্ছে টি-টোয়েন্টি, মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘এ স্পোর্টস টিভি’ প্রকাশ করেছে তিনটি ওয়ানডে ম্যাচের সম্ভাব্য সূচিও। সবকিছু ঠিক থাকলে ৯ মার্চ ঢাকায় পা রাখবে সালমান আগারা।
আগামী ১২ মার্চ প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ ১৪ ও ১৬ মার্চ। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তানে ফিরে যাবেন বাবররা। এরপর পিএসএল খেলবেন দেশটির ক্রিকেটাররা। ঘরোয়া এ লিগ শেষে আবারো বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
দ্বিতীয়বার এসে টাইগারদের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
আগামী ৮ মে মাঠে মিরপুর শের-ই-বাংলায় মাঠে গড়াবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ১৬ মে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।



