কিংবদন্তি পেসার ও পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম হজ পালনকালে নিজের বোলিং ভঙ্গিতে জামারায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছেন। আর তার এই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওয়াসিম আকরাম অত্যন্ত উচ্ছ্বসিত ভঙ্গিতে প্রতীকী শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছেন। শুধু তাই নয়; উইকেট নেয়ার পর ক্রিকেটারদের যে উদযাপনের ভঙ্গি দেখা যায়, সেটিও অনুকরণ করেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ক্রিকেটভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বিষয়টিকে মজার ছলে দেখলেও, কেউ কেউ ধর্মীয় পরিবেশে এমন আচরণ নিয়ে সমালোচনাও করেছেন।
অন্যদিকে এর আগে পাকিস্তানি গায়ক ও উপস্থাপক ফখরে আলম মুযদালিফা থেকে একটি স্মরণীয় মুহূর্তের ভিডিও শেয়ার করেন। সেখানে তার সাথে ছিলেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহুল হক, কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম, অভিনেতা বিলাল আব্বাস খান এবং সাবেক ক্রিকেটার শরজিল খান।
মুযদালিফার আত্মিক আবহে একসাথে সময় কাটানোর সেই ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সূত্র : ডেইলি জংগ



