ব্যর্থতার পাল্লা ভারি হচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের। কাটছেই না জয় খরা। ছয় ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি দলটি। এবার রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে খালেদ মাহমুদ সুজনের দল।
বৃহস্পতিবার সিলেটে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী ও রাজশাহী ওয়ারিয়র্স। যেখানে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫১ রান তুলে নোয়াখালী। বিপরীতে ১ ওভার হাতে রেখে ৬ উইকেটে জয় পায় রাজশাহী।
রান তাড়ায় পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়েই ৬১ রান তুলে ফেলে রাজশাহী। ২০ বলে ২১ রান করে আউট হয় তানজিদ তামিম। তিনে নেমে নাজমুল হোসেন শান্ত (১) ফেরেন দ্রুতই। এরপর চারে নেমে ১৯ রান করে আউট হন মুশফিকুর রহিম।
১৪.১ ওভারে ১১৬ রানের মাথায় আউট হন মুশফিক। মাঝে ৪ চার ও ৪ ছক্কায় ৩৫ বলে ৬০ রান করে আউট হন মোহাম্মদ ওয়াসিম। তবে রায়ান বার্ল ১৮ বলে ১৯ রান করে জয় নিশ্চিত করে ফেরেন। মেহেদী রানা নেন ৩ উইকেট।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের ৪৩ বলে ৫৯ রান নোয়াখালীকে বলার মতো পুঁজি পায়। মোহাম্মদ নবি ২৬ বলে ৩৫ এবং শাহাদাত হোসেন দিপু ২৮ বলে করেন ৩০ রান। রিপন মণ্ডল নেন ২ উইকেট।



