সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

সেমিফাইনাল স্বপ্ন আগেই শেষ হলেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে সান্ত্বনার জয় পায় বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন
জিম্বাবুয়ের বিপক্ষে ৭৪ রানের বড় জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
জিম্বাবুয়ের বিপক্ষে ৭৪ রানের বড় জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের |সংগৃহীত

সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। সুপার সিক্সের শেষ ম্যাচটায় তাই ‘সান্ত্বনার জয়’ ছাড়া কিছু পাওয়ার কিছুই ছিল না জুনিয়র টাইগারদের।

সেই সান্ত্বনার জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ের বিপক্ষে আসরের শেষটা রাঙিয়েছে ৭৪ রানের বড় জয়ে।

শনিবার (৩১ জানুয়ারি) হারারেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করে।

জবাব দিতে নেমে ইকবাল হোসেন ইমনের তোপে ৪৮.৪ ওভারে মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ১০ ওভারে ৩ মেডেনসহ ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন ইমন।

সুপার সিক্সে শুরু থেকেই ব্যাকফুটে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারার পরেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায়। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা ছিল তাই শুধুই আনুষ্ঠানিকতার।

বাংলাদেশকে এদিন চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আসরে নিজের তৃতীয় অর্ধশতক হাঁকান, খেলেন ৮৭ বলে ৫৯ রানের ইনিংস।

এছাড়া ৬৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেছেন রিজান হোসেন। জাওয়াদ আবরার ৪৮ বলে ২৫ ও শেষের দিকে আল ফাহাদ ১৩ বলে ২৩ রানের ক্যামিও খেলেন।

এদিন বাংলাদেশের নয়জন ব্যাটার দুই অঙ্কের রান করলেও বাকিদের কেউই ইনিংস বড় করতে পারেননি। জিম্বাবুয়ের মাইকেল ব্লিগনাট, তাতেন্দা চিমুগোরো ও শেলটন মাজভিতোরেরা ২টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ইমনের তোপে পড়ে। মাত্র ৮৪ রানে ৬ উইকেট হারায় তারা। তবে এরপর দলের হাল ধরেন অধিনায়ক সিমবারাসে মুডজেনগেরেরে।

তার ১২১ বলে ৭০ রানের ইনিংসেও অবশ্য জিম্বাবুয়েকে জয়ের পথে ফেরাতে পারেননি। এছাড়া শেষদিকে মাজভিতোরেরা ৪২ বলে ৪২ রান করেন।

ইমনের ৫ উইকেটের পাশাপাশি ৩৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন আল ফাহাদ। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন রিজান ও আজিজুল হাকিম।