টি-২০ ক্রিকেটে কোহলির দীর্ঘ সময় স্থায়ী আরো ১টি রেকর্ড ভাঙলেন বাবর

শুধু তাই নয়; পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিকও বটে। তার সর্বমোট রান ৪ হাজার ৫০৫।

নয়া দিগন্ত অনলাইন
বিরাট কোহলি ও বাবর আজম
বিরাট কোহলি ও বাবর আজম |সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-২০ ম্যাচে আরো একটি মাইলফলক অতিক্রম করলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। তিনি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) এআরওয়াই নিউজের উর্দু ভার্সনের এক প্রতিবেদনে জানানো হয়, এর মাধ্যমে বাবর আজম ভারতীয় ব্যাটার বিরাট কোহলির দীর্ঘদিনের স্থায়ী একটি রেকর্ড ভেঙে দিয়েছেন।

বাবর রোববার অনুষ্ঠিত লাহোরের ম্যাচে ৩৬ বলে অপরাজিত ৫০ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন। এর মাধ্যমে তিনি টি-২০ ক্রিকেটে ৩৯টি হাফসেঞ্চুরি করার অনন্য রেকর্ড গড়লেন।

পাকিস্তানি এই ব্যাটারের আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে। তিনি ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে ৩৮টি হাফসেঞ্চুরি করেন এবং তার এই রেকর্ড দীর্ঘদিন স্থায়ী ছিল। বাবর তার সেই রেকর্ডই ভেঙে দিলেন।

এই তালিকায় কোহলির পরের অবস্থান, তৃতীয় নম্বরে আছেন তারই স্বদেশী রোহিত শর্মা। সংক্ষিপ্ত ফরম্যাটে তার ফিফটি সংখ্যা ৩৭টি।

এরপরের দু’টি অবস্থান, অর্থাৎ চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান (৩১টি ফিফটি) ও অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার (২৯টি ফিফটি)।

শুধু তাই নয়; পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিকও বটে। তার সর্বমোট রান ৪ হাজার ৫০৫।

সূত্র : এআরওয়াই নিউজ