বুমরাহকে ‘আলাদিনের দৈত্য’ বললেন ডু প্লেসিস

‘ভারত বুঝতে পারে না তারা কতটা ভাগ্যবান যে বুমরাহ তাদের দলে আছে। ফরম্যাট যাই হোক, তাকে বল দিলেই সে ম্যাচ জিতিয়ে দিতে পারে।’

নয়া দিগন্ত অনলাইন
বুমরাহ
বুমরাহ |সংগৃহীত

দীর্ঘ এক মাসের লড়াই শেষে রোববার মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

রোববার আহমেদাবাদে শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

ভারতের বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারতো সেমিফাইনালেই। ২৫৩ রানের বিশাল পুঁজি নিয়েও চাপে পড়ে গিয়েছিল তারা। তবে জাসপ্রিত বুমরাহর জাদুকরী বোলিংয়ে বেঁচে যায় স্বাগতিকেরা।

ওয়াংখেড়েতে শেষ ৩০ বলে যখন ইংল্যান্ডের ৬৯ রান প্রয়োজন, তখন প্রথম দুই ওভারে ১৯ রান খরচ করা বুমরাহ ১৬তম ওভারে ৮ ও ১৮তম ওভারে মাত্র ৬ রান খরচ করেন। যা ম্যাচে ফেরায় ভারতকে।

এমন বোলিংয়ের পর বুমরাহকে নিয়ে মুখর হয়ে উঠেছে ক্রিকেটপাড়া। অবশ্য বুমরাহ বল হাতে বরাবরই ভয়ঙ্কর। তাই ফাইনালের আগে বুমরাহকে নিয়ে দুশ্চিন্তায় প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

তবে বুমরাহও যেহেতু মানুষ, তারও খারাপ সময় আসতেই পারে। আর সেই খারাপ সময়ের অপেক্ষায় আছে কিউইরা। এমনটাই জানিয়েছেন কিউই তারকা ব্যাটার গ্লেন ফিলিপস।

ফিলিপস বলেন, ‘বুমরাহও মানুষ। আমাদের মতো তারও খারাপ দিন আসতে পারে। ভুল করতেই পারে। আর যদি ভুল করে, তাহলে সেই সুযোগটা কাজে লাগাতে হবে। আশা করি আমরা তার বিপক্ষে ভালো খেলতে পারব।’

বুমরাহকে গ্লেন ফিলিপস ‘মানুষ’ বললেও সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসির মতে বুমরাহ হলেন যেকোনো অধিনায়কের জন্য আলাদিনের চেরাগের জাদুর দৈত্য।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে বুমরাহর বোলিংয়ের প্রশংসা করতে গিয়ে ডু প্লেসি বলেন, যেকোনো অধিনায়ক এমন একজন বোলার দলে পাওয়ার স্বপ্ন দেখে। এটা যেন আলাদিনের চেরাগ ঘষলেই দৈত্য বের হয়ে আসে।

ডু প্লেসিস আরো বলেন, ‘ভারত বুঝতে পারে না তারা কতটা ভাগ্যবান যে বুমরাহ তাদের দলে আছে। ফরম্যাট যাই হোক, তাকে বল দিলেই সে ম্যাচ জিতিয়ে দিতে পারে।’