এশিয়া কাপ

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ দল

লিটন দাসের নেতৃত্বে সকালে আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছে প্রথম বহর।

নয়া দিগন্ত অনলাইন
বিমানবন্দরে উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী
বিমানবন্দরে উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী |ইন্টারনেট

এশিয়া কাপ খেলতে দুই ধাপে দেশ ছাড়ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে লিটন দাসের নেতৃত্বে আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছে প্রথম বহর।

এই বহরে অধিনায়ক লিটন দাস ছাড়াও ছিলেন তানজিদ তামিম, পারভেজ ইমন, জাকের আলী, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী, শামীম পাটোয়ারীসহ দলের ১৩ জন সদস্য।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এশিয়া কাপে খেলবেন তারা। তার দাবি, এবার প্রস্তুতি বেশ ভালো হয়েছে।

জাকের বলেন, ‘ড্রেসিংরুমের অবস্থা সবসময়ই ভালো ছিল। সবমিলিয়ে আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ। আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি।’

এর আগে, তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি কখনো, এবার সেই আশা পূরণ করতে চায় টাইগাররা। যদিও অনেকের দাবি, এবার খুব একটা সুবিধা করতে পারবে না বাংলাদেশ।

জাকের অবশ্য এসব কথাকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেছেন, ‘কাউকে জবাব দেয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলব। আমরা সবাই বিশ্বাস করি, ও রকম (চ্যাম্পিয়ন) মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।’

৯ সেপ্টেম্বর থেকে শুরু এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।

এর আগে, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পরের ধাপের ক্রিকেটাররা উড়াল দেবেন আমিরাতের উদ্দেশে। কাল থেকে আবুধাবিতে তাদের অনুশীলনও শুরু হয়ে যাবে।