ইতিহাস গড়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

১-১ গোলে সমতা ছিল ৫৬ মিনিট পর্যন্ত। ৫৭ মিনিটে দ্বিতীয়বার বাংলাদেশকে এগিয়ে দেন রিয়া। পরের মিনিটে আরেকটি গোল করেন রিয়া। সতীর্থের ক্রসে গোলমুখ থেকে নিখুঁত ফ্লিকে জাল খুঁজে নেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইতিহাস আগেই গড়েছিল বাংলাদেশ, প্রথমবারের মতো বাছাইপর্ব খেলতে নেমে জায়গা করে নেয় এশিয়ান কাপের মূলপর্বে। এবার বাছাইপর্বের ফাইনালেও জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।

মঙ্গলবার সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। অভিষেক আসরেই নিশ্চিত করেছে ফাইনাল।

চারবার এশিয়ান কাপের মূল পর্বে খেলা সিঙ্গাপুরকে উড়িয়ে দিতে বড় ভূমিকা রাখেন আইরিন আক্তার রিয়া। সেমিফাইনালে দুর্দান্ত হ্যাটট্রিক করেন এই ফরোয়ার্ড। ম্যাচ সেরাও হয়েছেন রিয়া।

সিঙ্গাপুরের বিপক্ষে আশা জাগানিয়া শুরু পায় বাংলাদেশ। অষ্টম মিনিটে রিয়ার হিটে এগিয়ে যায় দল। তবে প্রথম কোয়ার্টারেই এই স্বস্তি উবে যায়। দ্বাদশ মিনিটে চিয়া চেরিল পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান।

১-১ গোলে সমতা ছিল ৫৬ মিনিট পর্যন্ত। ৫৭ মিনিটে দ্বিতীয়বার বাংলাদেশকে এগিয়ে দেন রিয়া। পরের মিনিটে আরেকটি গোল করেন রিয়া। সতীর্থের ক্রসে গোলমুখ থেকে নিখুঁত ফ্লিকে জাল খুঁজে নেন তিনি।

তার হ্যাটট্রিক পূরণের মধ্যে দিয়ে বাংলাদেশের জয়ও একপ্রকার নিশ্চিত হয়ে যায়। বাকিটা সময় সিঙ্গাপুর পারেনি ঘুরে দাঁড়াতে। শেষের বাঁশি বাজতেই ফাইনালে ওঠার বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠে দল।