সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশ। ঘরে-বাইরে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারানোর পর অস্ট্রেলিয়ার মাটিতেও ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে টাইগাররা।
ধারাবাহিক এই সাফল্যের পর বাংলাদেশের টেস্ট দলকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন মোহাম্মদ আশরাফুল। তার মতে, বর্তমান বাংলাদেশ দল এশিয়ার দ্বিতীয় সেরা টেস্ট দল। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সামর্থ্যও রয়েছে বাংলাদেশের।
রোববার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কথা বলেন আশরাফুল। তিনি বলেন, ‘পারফরম্যান্স তো অবশ্যই তাই বলে (এশিয়ার দ্বিতীয় সেরা টেস্ট দল)। দল হিসেবেও যদি দেখেন, টেস্ট দল হিসেবে বিশ্বে এখন দুই-তিনটি দলের মধ্যে একটি দল বলে আমি মনে করি।’
বাংলাদেশের শক্তির জায়গা হিসেবে অভিজ্ঞতাকে সামনে আনেন তিনি। তার মতে, জাতীয় দলে থাকা বেশিভাগ ক্রিকেটারেরই আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
আশরাফুল বলেন, ‘বাংলাদেশে যেই ১৫ জনের দল নির্বাচন করা হয়, সব খেলোয়াড়েরই প্রায় ৪০, ৫০, ৬০, ৮০, ১০০টি করে ম্যাচ খেলা। এত ম্যাচ খেলা খেলোয়াড় আপনি অন্য দেশে খুব কমই পাবেন। অবশ্যই আমরা এই মুহূর্তে আমাদের টেস্ট দলটা নিয়ে খুবই গর্ব করার মতো একটা জায়গায় আছি।’
অস্ট্রেলিয়াকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়েও বাংলাদেশের নাম আলোচনায় এসেছে। পথটা কঠিন হলেও লক্ষ্যটা অসম্ভব নয় বলে মনে করেন আশরাফুল।
‘অবশ্যই, ফাইনালের স্বপ্ন কেন দেখবে না? কারণ আমরা সঠিক পথে আছি। আমরা যদি ম্যাচ ধরে ধরে ভালো করি, অবশ্যই আমাদের চূড়ান্ত লক্ষ্য সেটাই,’ বলেন তিনি।
তবে ফাইনালের চিন্তায় না গিয়ে প্রতিটি ম্যাচ ধরে এগোনোর পরামর্শও দিয়েছেন আশরাফুল। তার মতে, ধারাবাহিকভাবে ভালো ফল করাই বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি।
‘আমাদের এখন লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। স্বপ্ন তো অবশ্যই সেটা আছে সবারই,’ যোগ করেন তিনি।



